বিদ্যুৎ খাতে পাওনা ৩ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেছেন, ব্যক্তি পর্যায়ে এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর প্রায় তিন হাজার ১৯৯ কোটি টাকা পাওনা আছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নুরুল ইসলাম সুজনের টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। বিএনপির মো. আবুল খায়ের ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে মোট তিন হাজার ৮৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মোট ৫৫টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাসরিন জাহানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩৪টি রেন্টাল কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে।সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহিদা তারেখ দীপ্তির প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, দেশে ৫৯২টি দৈনিক পত্রিকা রয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে ইনু জানান, মোট ২৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনাপত্তি দেওয়া হয়েছে। ইনু আরও জানান, বর্তমান সরকারের সময়ে মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টেলিভিশন, সময় টেলিভিশন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, ৭১ টেলিভিশন, চ্যানেল ৯, চ্যানেল ২৪, জিটিভি, এস এ চ্যানেল ও এশিয়ান টিভির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া গানবাংলা ও দীপ্ত বাংলা চ্যানেল দুটি পরীক্ষামূলক সম্প্রচারের অপেক্ষায় রয়েছেন।