বিদ্যুৎ খাতে সহযোগিতায় বাংলাদেশ-নেপাল একমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও নেপাল একমত হয়েছে। এ মতৈক্য অনুযায়ী নেপালে পানিবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ যৌথভাবে বিনিয়োগ করতে পারবে। নেপালের সরকারি ও বেসরকারি খাত থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি করতেও কোনো বাধা থাকবে না।
ঢাকায় গতকাল বুধবার সকালে দুই দেশের মন্ত্রীপর্যায়ের বৈঠকে এ মতৈক্য হয়েছে। বিকেলে আয়োজিত দুই মন্ত্রীর যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ মতৈক্যের কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ-সচিব মনোয়ার ইসলামসহ ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নেপালের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের জ্বালানিমন্ত্রী রাধা কুমারী গয়ালি।
সংবাদ ব্রিফিংয়ে নসরুল হামিদ বলেন, এখন দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া শুরু করা হবে। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের নেপাল সফরের সময় এ ব্যাপারে অগ্রগতি হতে পারে।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আপাতদৃষ্টিতে দ্বিপক্ষীয় বিষয় মনে হলেও আসলে এটি ত্রিপক্ষীয় বিষয়। কেননা, এ বিদ্যুৎ আমদানির জন্য ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হবে। ভারত এতে সম্মত হবে কি না, এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারত এ ব্যাপারে সহযোগিতা করবে।
উল্লেখ্য, নেপালের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গত মঙ্গলবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন ও নসরুল হামিদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে ভারতের সম্মতির আভাস পাওয়া গেছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
সংবাদ ব্রিফিংয়ে রাধা কুমারী গয়ালি বলেন, বিদ্যুৎ খাতে নেপাল বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয়, বাংলাদেশ ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় এবং সার্কের অধীনে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা প্রথমে ভারতের সঙ্গে বিদ্যুৎ খাতে সহযোগিতা চুক্তি করতে আগ্রহী। তারপর বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের ভূখণ্ড ব্যবহারের জন্য তাঁদেরও ভারতের সঙ্গে আলোচনা করতে হবে।
নেপাল থেকে পানিবিদ্যুৎ আমদানি এ দেশের রাজনৈতিক মহলে একটি বহুকথিত বিষয়। তবে এ ব্যাপারে ২০১০ সালে প্রক্রিয়া শুরু করার পর এবারই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হলো। প্রথম আলোচনাতেই মতৈক্য হলেও দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হতে আরও কিছু সময় লাগবে। আর বিদ্যুৎ পেতে লাগবে অন্তত এক দশক।
অবশ্য দু-তিন বছরের মধ্যে বেসরকারি খাত থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে পারে। ভারতীয় বেসরকারি কোম্পানি জিএমআর নেপালে প্রায় দেড় হাজার মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করেছে। তারা বাংলাদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর নেপালের জ্বালানিমন্ত্রী বলেছেন, জিএমআরের কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে তাঁদের কোনো আপত্তি থাকবে না।
নেপালি মন্ত্রী গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি যাবেন কুষ্টিয়ার ভেড়ামারায়। সেখানে ভারত থেকে বাংলাদেশ যে উচ্চক্ষমতার গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ আমদানি করছে, সেই স্থাপনা পরিদর্শন করবেন। সেখান থেকে ফিরে আজ সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কাল শুক্রবার তিনি দেশে ফিরে যাবেন।
হিমালয় থেকে নেমে আসা নেপালের খরস্রোতা নদীগুলোর বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে প্রায় ৮৩ হাজার মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এর মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এখনই আর্থিকভাবে লাভজনক। কিন্তু নেপালে বর্তমানে পানিবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে মাত্র ৬০০ মেগাওয়াট। কাজেই সেখানে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা আছে। এ সম্ভাবনা কাজে লাগানো গেলে বাংলাদেশ, ভারত ও নেপাল—তিন দেশই উপকৃত হবে।