বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতার অংশ হিসেবে এ বছরের মধ্যেই আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে পারে বাংলাদেশ। ত্রিপুরা থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ ছাড়া ভারতের পাঁচটি বিদ্যুৎ প্রকল্পে দীর্ঘমেয়াদি প্রতীকী বিনিয়োগের সুযোগ পাবে বাংলাদেশ। এসব প্রকল্প থেকেও বিদ্যুৎ পাওয়া যাবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে এই সহযোগিতা ছাড়াও বাংলাদেশ-ভারত-নেপাল (বিআইএন) এবং বাংলাদেশ-ভারত-ভুটান (বিআইবি)-এর মধ্যে বিদ্যুৎ সংযোগের বড় নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু হয়েছে। নেপালের দুটি প্রকল্পে ভারতীয় কোম্পানি জিএমআর-এর উৎপাদিত প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট কেনার সুযোগ পাবে।
এসব বিষয় এবং বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আজ বুধবার থেকে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং যৌথ স্টিয়ারিং কমিটির সভা শুরু হচ্ছে। এই সভায় যোগ দিতে ভারতের বিদ্যুৎ সচিব প্রদীপ কুমার সিনহাসহ একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় এসেছে।
ভারতীয় প্রতিনিধিদলটি আজ সকালে পরিকল্পনাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র ও এর সন্নিহিত এলাকা পরিদর্শন করবে। সেখান থেকে ফিরে বিকেলে বসবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায়। যৌথ স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
ঢাকায় সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এসব সভায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ খাতে সহযোগিতার ক্ষেত্রগুলো চূড়ান্ত করা হবে। এ ছাড়া বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান, এই চার দেশের মধ্যে উপ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র তৈরির জন্য সংশ্লিষ্ট কারিগরি দল ‘পাওয়ার ট্রান্সমিশন হাইওয়ে’র যে তিনটি করিডর চিহ্নিত করেছে তা নিয়েও আলোচনা হবে।
কারিগরি দলের চিহ্নিত করা তিনটি করিডরের মধ্যে একটি হচ্ছে ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া—বাংলাদেশের দিনাজপুরের বড়পুকুরিয়া—ভারত-ভুটান সীমান্তবর্তী বনগাইগাঁও। দ্বিতীয়টি ভারতের আসামের শিলচর থেকে বাংলাদেশের সিলেটের ফেঞ্চুগঞ্জ। তৃতীয়টি ইতিমধ্যে চালু হওয়া ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর—বাংলাদেশের কুষ্টিয়ার ভেড়ামারা। এই তৃতীয়টির বর্তমান সঞ্চালন ক্ষমতা আরও বাড়ানো হবে।
সরকারি সূত্র জানায়, এই তিনটি করিডরের মাধ্যমে সংশ্লিষ্ট চারটি দেশের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা যাবে।
যৌথ ওয়ার্কিং গ্রুপ ও স্টিয়ারিং কমিটি ছাড়াও এবার রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান—বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের প্রক্রিয়া দ্রুততর করাই হবে এর প্রধান আলোচ্য বিষয়।
কয়লাচালিত রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে অদূরে থাকা সুন্দরবনের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের অনেকে আশঙ্কা প্রকাশ করে আসছেন। এ কারণে দেশের বিভিন্ন মহলে প্রকল্পটি নিয়ে বিরোধিতা রয়েছে।
সরকারি সূত্র জানায়, বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির ভারতীয় অংশীদার, সে দেশের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) চট্টগ্রাম অঞ্চলেও এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে আগ্রহী। কিন্তু বাংলাদেশ চায় সেখানে চীন, জাপান ও মালয়েশিয়ার কোম্পানিগুলো বিনিয়োগ করুক। এ ব্যাপারে বাস্তব অগ্রগতিও আছে।