বিদ্যুৎ খাতে সহায়তা প্রশ্নে বাংলাদেশ-ভারত আলোচনা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা প্রশ্নে দুই দেশের সচিবপর্যায়ের একটি বৈঠক আজ বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে। ভারতের বিদ্যুত্সচিব এইচ এস ব্রহ্মের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই বৈঠকে যোগ দিচ্ছে। তারা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ দেশে থাকবে বলে জানা গেছে। সরকারি সূত্র জানায়, জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুত্ খাতে সহযোগিতার বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, সচিবপর্যায়ের বৈঠকে সেই বিষয়ের ফলোআপ করা হবে। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে বিদ্যুৎ আনা-নেওয়ার জন্য গ্রিড উপকেন্দ্র ও মিটারিং স্টেশন স্থাপনের জায়গা নির্ধারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় চূড়ান্ত করা হতে পারে এ বৈঠকে।এ ছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ দুই হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার চারটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাতে ভারতের সহযোগিতার বিষয়ে আলাদা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনপিটিসি) মধ্যে এই স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।