বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত মহাপরিকল্পনা নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন করা যাবে কি না—এক গোলটেবিল আলোচনায় এটাই ছিল অধিকাংশ আলোচকের উৎকণ্ঠার বিষয়। তাঁরা বলেন, এই খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ঠিক থাকলেও দেশে সময়মতো প্রকল্প বাস্তবায়নে সাফল্যের হার অত্যন্ত কম। একই সময় অনেকগুলো প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষ জনবলও নেই। রয়েছে দেশের নানা প্রান্তে বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি পৌঁছানোর বিশাল কাজ। এই সব দিক ঠিক রেখে সময়মতো প্রকল্প বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে পড়তে শুরুও করেছে।তবে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে এই মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। তাই সমস্যা থাকলেও সমাধানের পথ বের করে এর বাস্তবায়ন করতে হবে। বিশেষ অতিথি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক কীভাবে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে, সে বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান। গতকাল বুধবার সকালে সিরডাপ মিলনায়তনে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনা ও তা বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয় ইংরেজি ম্যাগাজিন এনার্জি অ্যান্ড পাওয়ার-এর পক্ষ থেকে, এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠান সঞ্চালন করেন ম্যাগাজিনটির সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন প্রশ্ন তুলে বলেন, এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করার মতো প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলী প্রভৃতি পর্যায়ের দক্ষ জনবল কি পিডিবির আছে? এত টাকাই বা পাবে কোথায়? পেট্রোলিয়াম করপোরেশন কি এসব প্রকল্পের জন্য অতিরিক্ত ১০ লাখ টন জ্বালানি তেল বিতরণ করার সামর্থ্য রাখে? পেট্রোবাংলা কি সময়মতো প্রয়োজনীয় গ্যাস নেটওয়ার্ক করার নিশ্চয়তা দিতে পারে? এসব প্রশ্ন ঘিরে আলোচনায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আরেক প্রবীণ অধ্যাপক এ কে এম এ কাদের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ৪৫ শতাংশের বেশি প্রকল্প বাস্তবায়নের নজির নেই। তা ছাড়া, গ্যাস ঘাটতি মোকাবিলায় প্রতিবছর যে কটি নতুন কূপ করা দরকার, তার পরিকল্পনা কোথায়? জাতীয় বাজেটেও এই খাতে কোনো বরাদ্দ খুঁজে পেলাম না।’পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান বলেন, জ্বালানি হিসেবে দেশীয় কয়লার ব্যবহারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। ভূতত্ত্ববিদ রফিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের প্রাতিষ্ঠানিক সামর্থ্য খুব কম।’ ব্যবসায়ী মনজুর আহমেদ বলেন, এই খাতের উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি খাতের অংশীদারি দরকার। পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরে বলেন, বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোক্তাদীর আলী এলএনজি আমদানি প্রসঙ্গে বলেন, এ জন্য প্রতি মাসে ২০ কোটি ডলারের ঋণপত্র খুলতে হবে। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক বলেন, তাঁদের সামর্থ্য বাড়ছে। গত ছয় মাসে তাঁরা তিনটি গ্যাসকূপে ওয়ার্কওভার সম্পন্ন করেছেন। আগামী দুই মাসে আরও দুটি সম্পন্ন করবেন। ভূকম্পন জরিপও তাঁরা চালাচ্ছেন। পিডিবির সাবেক চেয়ারম্যান রিজওয়ান আহমেদ বলেন, দেশের কয়লা ব্যবহারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সমন্বয়ও জরুরি।অনুষ্ঠানে সাংসদ আবদুল ওয়াদুদ ও প্রকৌশলী এনামুল হক, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও জিয়াউদ্দিন আহমেদ, এস এ মনসুর, মুশফিকুর রহমান, জাকির হোসেন প্রমুখও আলোচনায় অংশ নেন। দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: তৌফিক-ই-ইলাহী চৌধুরী অনুষ্ঠানে জানান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০১২ সালের মধ্যে তার সদস্যদেশগুলোতে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি করবে। বাংলাদেশ দাবি করেছে এর ৫০০ মেগাওয়াট এখানে করার। সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এডিবির সভায় তাঁর অংশগ্রহণ ও ওই সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এই খাত থেকেও জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নেপাল ও ভুটানের সঙ্গেও শিগগিরই বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু করার কথা বলেন তিনি।