বিদ্যুৎ গিলছে ব্যাটারিচালিত রিকশা
পাবনার বেড়া উপজেলায় চলছে অনুমোদনহীন পাঁচ শতাধিক ব্যাটারিচালিত রিকশা। এগুলোর ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে বাসাবাড়িতে। ফলে প্রতিদিন প্রায় ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে। এতে সরকারি অর্থ যেমন গচ্চা যাচ্ছে, তেমনি বিদ্যুৎ-ঘাটতি হওয়ায় উপজেলাবাসীকে বাড়তি লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া পৌর এলাকাতেই রয়েছে আড়াই শতাধিক ব্যাটারিচালিত রিকশা। বাকি নয়টি ইউনিয়নে রয়েছে আরও কমপক্ষে আড়াই শ। উপজেলায় প্রতি সপ্তাহেই ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়ছে।
বেড়া উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেড়া পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, ‘ব্যাটারিচালিত রিকশাগুলো অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়াই চলছে। এগুলোর চালকেরা আমাদের রিকশা শ্রমিক ইউনয়নের সদস্য নন। এগুলোর জন্য বিদ্যুৎ অপচয়ই শুধু হচ্ছে না, দুর্ঘটনাও ঘটছে। পৌরসভা ও শ্রমিক ইউনয়নের পক্ষ থেকে এগুলোর চলাচল বন্ধে ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছি।’
জানা গেছে, একটি রিকশায় দুই থেকে চারটি ব্যাটারি থাকে, যা চার্জ দিতে আট থেকে দশ ঘণ্টা সময় লাগে।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি রিকশার ব্যাটারি চার্জে এক কিলোওয়াটের কাছাকাছি বিদ্যুৎ ব্যয় হয়। সেই হিসাবে ৫০০ রিকশার পেছনে প্রায় ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ ব্যয় হচ্ছে।
পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তা সূত্রে আরও জানা যায়, পৌর এলাকার জন্য গরমের সময় তিন ও শীতের সময় দুই মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যায়। বর্তমানে দুই মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেলেও এর প্রায় এক-চতুর্থাংশই ব্যয় হচ্ছে ব্যাটারিচালিত রিকশার পেছনে।
জানা গেছে, রিকশাগুলোর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য গড়ে উঠেছে বেশ কিছু গ্যারেজ। এসব গ্যারেজে ব্যাটারিচালিত রিকশাগুলো চার্জ দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। গ্যারেজের মালিকেরা প্রতিটি রিকশা চার্জ দেওয়ার জন্য দৈনিক ৪০ টাকা নিয়ে থাকেন। নিয়মানুযায়ী গ্যারেজগুলোতে বাণিজ্যিক মিটার থাকার কথা। কিন্তু গ্যারেজের মালিকেরা বাড়ির পাশে গ্যারেজ গড়ে তুলে বাড়ির মিটারের সংযোগ থেকেই ব্যাটারি চার্জ দিচ্ছেন। এতে সরকারের ক্ষতি হচ্ছে। এ ছাড়া অনেক ব্যাটারিচালিত রিকশার মালিক নিজের বাড়িতে অথবা গরিব কোনো বিদ্যুৎ ব্যবহারকারীর বাড়িতে রাতব্যাপী রিকশার ব্যাটারিগুলো চার্জ দিচ্ছেন।
বেড়া পৌর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একটি গ্যারেজের মালিক জানান, তাঁর গ্যারেজে প্রতিদিন ছয়টি রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। এ জন্য মাসে তাঁকে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হয়, জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি যে রিকশাগুলো চার্জ দেন, সেগুলোর তিনটি তাঁর নিজের এবং বাকি তিনটি অন্যদের। প্রতিটি রিকশা চার্জ দিতে চালকদের কাছ থেকে প্রতিদিন ৪০ টাকা নেওয়া হয় বলে তিনি জানান।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক সূর্য্য নারায়ণ ভৌমিক বলেন, ‘এমনিতেই প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এর একটা বড় অংশ ব্যাটারিচালিত রিকশা চার্জে ব্যয় হচ্ছে। এ কারণে বিদ্যুৎ-ঘাটতি বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার কোনো এখতিয়ার আমাদের নেই। তবে রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়—এমন ১৫-২০টি বাড়ির মালিককে হাতেনাতে ধরে তাঁদের মিটারের ধরন আবাসিকের পরিবর্তে বাণিজ্যিক করা হয়েছে। আমাদের এমন প্রক্রিয়া অব্যাহত থাকবে।’