চট্টগ্রামের ব্যবসায়ীরা বিদু্যুৎ ও গ্যাস পরিস্থিতির নাজুক অবস্থার কথা তুলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করলেন। তাঁরা অভিযোগ করেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের কোনো সহযোগিতা করেন না। ফোন করলে ফোন ধরেন না। অথচ তাঁদের বিলের টাকায় কর্মীদের বেতন চলে।গতকাল বুধবার বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা প্রতিমন্ত্রী মো. এনামুল হকের কাছে এসব অভিযোগ করেন। তাঁরা বলেন, সরকার দাবি করছে, জাতীয় গ্রিডে এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন নেই।ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রামে এখনো গড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বন্ধ। উৎপাদনের জন্য পুুরোপুরি প্রস্তুত কারখানাগুলোয় প্রয়োজনে রেশনিং করে বিদ্যুৎ দেওয়ার অনুরোধ করেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের ক্ষোভের মুখে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের পরামর্শ আমরা নিলাম। বাস্তবায়নের চেষ্টা করব। ব্যবসায়ীরা দেশের উন্নয়নের বৃহত্তম অংশীদার। তাঁদের কাজ করার সুযোগ দিতে হবে।’ পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দেশে গ্যাস নেই। তাই এ মুহূর্তে গ্যাস-সংযোগ দিতে পারব না।’জানা গেছে, গতকাল সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে বিজিএমইএর নেতারা নিজেদের সমস্যার পাশাপাশি বিদ্যুৎ-সংকট সমাধানে সরকারের অঙ্গীকারের কথাও প্রতিমন্ত্রীকে স্মরণ মনে করিয়ে দেন। বিজিএমইএর সাবেক পরিচালক হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে জয়ী হবে কি না, তা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ওপর অনেকখানি নির্ভর করছে। কোন এলাকায় কখন লোডশেডিং হবে, তা আগে জানিয়ে দিতে পিডিবির কর্মকর্তাদের প্রতি দাবি জানান তিনি।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে ট্রান্সফরমার আরেকটি বড় সমস্যা। একটি ট্রান্সফরমার নষ্ট হলে সেখানে নতুন ট্রান্সফরমার বসতে ২০ দিন লেগে যায়। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী জুনে বিদ্যুতের লোডশেডিং শূন্যের কোটায় চলে আসবে। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।’ সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব বলেন, জাতীয় গ্রিডে এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে বলে সরকার দাবি করছে। কিন্তু বাস্তবতা দেখে তা মনে হয় না।নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোকতাদীর আলী, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি খলিলুর রহমান প্রমুখ।বিকেলে চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ, বর্তমান সহসভাপতি মাহবুবুল আলম তালুকদার ও সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম। প্রতিমন্ত্রী চট্টগ্রামে নির্মাণাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামী ডিসেম্বরে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।