বিদ্যুৎ-গ্যাসের দাবিতে সোনাগাজী পৌরসভা কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে সোনাগাজী পৌরসভার বাসিন্দারা গতকাল সোমবার পৌর কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেছে। পরে বিভিন্ন দাবি-সংবলিত একটি স্মারকলিপি তারা পৌর মেয়রকে দেয়।এলাকাবাসী জানান, ২০০১ সালে সোনাগাজী পৌরসভা গঠিত হয়। এক দশক পেরিয়ে গেলেও জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বরং পৌরসভা হওয়ার পর জমিজমা ও ঘরবাড়ির কর কয়েক গুণ বেড়ে গেছে। ২০০২ ও ২০১১ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও তার কোনো কিছুই বাস্তবায়িত হয়নি।পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের প্রফুল্ল নাথ বলেন, সোনাগাজীর গ্যাসকূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়। এতে সোনাগাজীর বাসিন্দারা গর্বিত ও আনন্দিত। কিন্তু বাস্তবতা হলো, নিজেদের গ্যাস সোনাগাজীর লোক পাচ্ছে না। তিনি বলেন, আশপাশের ইউনিয়নের গ্রামগুলোতে বিদ্যুৎ থাকলেও পৌরসভার একটা বড় অংশে বিদ্যুৎ নেই। কয়েক বছর ধরে বিদ্যুৎ লাইনের জন্য দরখাস্ত করতে করতে মানুষ হয়রান হয়ে গেছে।একই গ্রামের নুরুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় সরকার। আমরাও উন্নয়নের স্বপ্ন দেখি। কিন্তু বাড়িতে বিদ্যুতের সংযোগ না থাকায় মোবাইল ফোনে চার্জ দিতে হয় বাজারে কোনো ব্যবসায়ীর দোকানে। এভাবে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়।’সোনাগাজী পৌরসভার মেয়র জামাল উদ্দিন স্মারকলিপি গ্রহণের কথা নিশ্চিত করে বলেন, গ্যাস ও বিদ্যুতের সংযোগ তাঁর ক্ষমতার বাইরে। তবু এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ নিয়ে দেনদরবার চলছে। তিনি বলেন, আগামী অর্থবছরে এক কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন স্থাপন প্রক্রিয়াধীন। এলাকার সমস্যার কথা স্থানীয় প্রশাসন ও সাংসদকে জানানো হয়েছে।