বিদ্যুৎ-গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন চেয়ে আবেদনের শুনানি ২৭ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা চেয়ে করা আবেদনের ওপর আগামী ২৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

এদিকে হাইকোর্টের ১০ জানুয়ারি দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার শর্মা ও ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের পরিচালক মো. আবদুল কাইয়ুম আদালতে হাজির হন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আইনজীবী সূত্র বলেছে, হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে সরিয়ে নিতে আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে—এমন খবর যুক্ত করে ৮ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে আবেদন করে। আবেদনে সাভারে স্থানান্তর না হওয়া পর্যন্ত হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগসহ সেবা বিচ্ছিন্ন করার জন্য নির্দেশনা চাওয়া হয়। এটি ১০ জানুয়ারি এলে রাষ্ট্রপক্ষ দুদিন সময়ের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে আদালত ১২ জানুয়ারি দিন রেখে এ বিষয়ে জানাতে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নন, এমন কর্মকর্তাকে ১২ জানুয়ারি উপস্থিত হতে বলেন।

আদালতে বেলার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও আলী মোস্তফা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

মামলার বিবরণে জানা যায়, বেলার করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ট্যানারিশিল্প হাজারীবাগ থেকে অন্যত্র সরিয়ে নিতে হাইকোর্ট ২০০১ সালে রায় দেন। ২০০৯ সালের ২৩ জুন আদালত এক আদেশে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে ট্যানারিশিল্প অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন। ২০১০ সালে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সময়সীমা দুই দফা বাড়ে।

এদিকে হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারিকে সাভারের পরিকল্পিত চামড়া শিল্প নগরে সরিয়ে নিতে ২০০৩ সালে একটি প্রকল্প নেয় সরকার। তবে নানা কারণে ১৩ বছর পেরিয়ে গেলেও ট্যানারি সাভারে নেওয়া শেষ করা যায়নি। গত ৩১ ডিসেম্বরের মধ্যে ট্যানারিগুলোকে সাভারে যাওয়ার সময় বেঁধে দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।