বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় সারা দেশে চাহিদার তুলনায় ৫০০ মেগাওয়াটেরও বেশি ঘাটতি দেখা দিয়েছে। ফলে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ও এলাকা ছাড়া ঢাকাসহ দেশের সর্বত্র লোডশেডিং বেড়েছে।
লোডশেডিং বেশি করা হচ্ছে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়। কোথাও কোথাও তিনবার পর্যন্ত করা হচ্ছে সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে। এ ছাড়া দিনের বেলায়ও একাধিকবার লোডশেডিং হচ্ছে, বিশেষ করে অফিস এলাকায়।
জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি উচ্চপর্যায়ের নির্দেশে দেশের সব কটি সার কারখানা উৎপাদন শুরু করায় সেখানে গ্যাস দিতে হচ্ছে। তাই বিদ্যুতে গ্যাস সরবরাহ কমিয়ে দিতে হয়েছে। সেচ, গ্রীষ্ম ও গত রমজানের সময় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বেশি রাখার জন্য অন্যান্য বছরের মতো এবারও সার কারখানাগুলো বন্ধ রাখা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, এ বছর সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা দৈনিক ১০০ কোটি (এক হাজার মিলিয়ন) ঘনফুট পর্যন্ত পেয়েছে। রমজানের পরও প্রায় ৯৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত ছিল। কয়েক দিন ধরে তা ৮৫ কোটি ঘনফুটেরও নিচে নেমেছে।
পিডিবির হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সাত হাজার মেগাওয়াটের বেশি। গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে সাড়ে ছয় হাজার মেগাওয়াটের কম। গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় বাঘাবাড়ীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) সূত্র জানায়, তাদের আওতাধীন এলাকায় সন্ধ্যাকালীন সর্বোচ্চ চাহিদার সময় অন্তত ১০০ মেগাওয়াট সরবরাহ কম থাকে। ফলে সন্ধ্যা থেকে ডেসকোর কোনো কোনো এলাকায় দুবার লোডশেডিং করতে হচ্ছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এলাকায় লোডশেডিং কিছুটা বেশি উলন-ধানমন্ডি গ্রিডে সমস্যার কারণে। এমনিতেই এই গ্রিডটি কিছুটা নাজুক ছিল। তার ওপর সাত রাস্তা থেকে মগবাজার পর্যন্ত উড়াল সড়ক নির্মাণকারীরা এর দুটি কেব্ল ক্ষতিগ্রস্ত করেছে। সেগুলো মেরামত করা হলেও পূর্ণ ক্ষমতায় ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।
ঢাকার বাইরে লোডশেডিং হচ্ছে আরও বেশি। দেশের বিভিন্ন এলাকায় কর্মরত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কয়েকজন মহাব্যবস্থাপক বলেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।
গত পাঁচ বছরে দেশে গ্যাস উত্তোলন বেড়েছে দৈনিক প্রায় ৬০ কোটি ঘনফুট। কিন্তু এখনো চাহিদার তুলনায় আরও প্রায় ৬০ কোটি ঘনফুট ঘাটতি রয়েছে। সরকার শিল্পে গ্যাসের সংযোগ দেওয়া এখনো বন্ধ রেখেছে। তার পরও পাঁচ বছর আগে যেমন সার কারখানা চালু করলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি হতো, এখনো পরিস্থিতি তেমনই আছে। সরকার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহ বাড়াতে পারেনি।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহ বাড়ানো সময়সাপেক্ষ ও বিপুল অর্থঘন কাজ। চাইলেই এ কাজ দ্রুততর করা সম্ভব হয় না। সমস্যা হয়েছে গ্যাস কতটা পাওয়া যাবে, তা হিসাবে না নিয়ে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করায়। সিরাজগঞ্জ, গাজীপুরের কড্ডাসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কেন্দ্র স্থাপনের আগে সেখানে গ্যাস সরবরাহ সম্পর্কে কোনো পরিকল্পনা করা হয়নি। পেট্রোবাংলার সঙ্গে কোনো আলোচনাও হয়নি। এখন সর্বত্র গ্যাস চাইলেই তো দেওয়া সম্ভব নয়।