বিদ্যুৎ চুক্তি সই নিয়ে উত্তেজনা, তিক্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রায় তিন দশক পেরিয়ে গেলেও আঞ্চলিক সহযোগিতা জোরদারে খুব একটা অগ্রগতি হয়নি সার্কের। তাই সদস্য আট দেশই মনে করছে, দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নে নিজেদের হৃদ্যতা আরও বাড়াতে হবে। এই ভাবনা সামনে রেখে দক্ষিণ এশিয়ায় ‘শান্তি ও সমৃদ্ধির জন্য নিবিড় সংহতি’র প্রত্যয়ে আজ বুধবার কাঠমান্ডুতে শুরু হচ্ছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন।
তবে শেষ মুহূর্তে বিদ্যুৎ খাতে সহযোগিতা চুক্তি সইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সংহতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় চুক্তিটির কিছু বিষয়ে ভিন্নমত দূর হয়নি, পরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত আরেক দফা বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীরা। নাটকীয় আর অভাবনীয় এই উদ্যোগও শেষ পর্যন্ত বিফলে গেছে। সার্কের ইতিহাসে এবারই প্রথম কোনো চুক্তি নিয়ে শীর্ষ সম্মেলনের আগ পর্যন্ত এত দর-কষাকষি হলো।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, নির্ধারিত সময়ের বৈঠকে বিদ্যুৎ চুক্তিসহ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়নি। চুক্তিটি আদৌ সই হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ এখনো চুক্তিটি সইয়ের ব্যাপারে আশাবাদী।
নেপালের একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিন চুক্তির মধ্যে মোটরযান ও রেল চলাচল চুক্তি সই হবে না—এটি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকেই নিশ্চিত হয়েছিল। শেষ মুহূর্তে বিদ্যুৎ চুক্তি নিয়ে গতকাল রাতে নৈশভোজের পর অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক আলোচনার পরও মতপার্থক্য দূর হয়নি। একপর্যায়ে এমনও কথা ওঠে, শীর্ষ সম্মেলনের ঘোষণায় এ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করতে হবে। এ নিয়ে একাধিক দেশের মধ্যে কিছুক্ষণ উত্তেজনা ও তিক্ততা দেখা দেয়। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে একাধিক দেশ তিনটি চুক্তিকে একটি প্যাকেজের আওতায় দেখতে চেয়েছে। অবশ্য ঘোষণার এ বিষয়টি নিয়ে কোনো সুরাহা ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়। গত রাতের বৈঠকের পর আভাস পাওয়া যাচ্ছে, এমন এক পরিস্থিতিতে শীর্ষ সম্মেলনে এ নিয়ে নাটকীয়তা সৃষ্টি হতে পারে।
আজ সকালে নেপালের রাজধানীর সিটি হলে অনুষ্ঠেয় ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দক্ষিণ এশিয়ার আট শীর্ষ নেতা এই অঞ্চলের মানুষের উন্নয়নে নিজেদের স্বপ্ন আর পরিকল্পনা তুলে ধরবেন। কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে দুই দিনের শীর্ষ সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। পরবর্তী সম্মেলন হবে পাকিস্তানে।
সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত দেশের নেতারা গতকাল কাঠমান্ডু পৌঁছেছেন।
কাঠমান্ডুর কূটনৈতিক সূত্রগুলো গতকাল প্রথম আলোকে জানিয়েছে, এই অঞ্চলে সহযোগিতা কার্যকর ও দৃশ্যমান করতে এবার সব দেশই বিশেষ গুরুত্ব দিচ্ছে। সার্ককে কার্যকর আর গতিশীল করতে নিয়মিত শীর্ষ সম্মেলন আয়োজনে এবার সচিবালয়ের বিশেষ নির্দেশনা রয়েছে। বৈঠকে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত স্পর্শকাতর পণ্যের তালিকা কমানোর সদস্যদেশগুলোর কাছ থেকে অনুরোধ তালিকা ও প্রস্তাবের অফার তালিকা সার্ক সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।
যেসব দেশ সার্কের সেবা খাতে বাণিজ্য চুক্তির (সাটিস) চূড়ান্ত প্রস্তাবে তালিকা জমা দেয়নি, তাদের দ্রুত তা সার্ক সচিবালয়ে পাঠানোর জন্য আহ্বান জানানো হয়।

১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নেপালে পৌঁছেছেন। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী প্রকাশ মান সিং (সর্বডানে) l ছবি: পিআইডি
১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নেপালে পৌঁছেছেন। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী প্রকাশ মান সিং (সর্বডানে) l ছবি: পিআইডি

দ্বিপক্ষীয় বৈঠক: সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন গাইয়ুমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
আগামী বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিন শেখ হাসিনাসহ অন্য সার্ক নেতাদের নিয়ে যাওয়া হবে কাঠমান্ডু থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ধুলিখেল শহরে। সেখানেই হবে তাঁদের অবকাশের কর্মসূচি। ধুলিখেল থেকে ফিরে তাঁরা শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। অন্য সরকারপ্রধানদের সঙ্গে শেখ হাসিনাও কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁরা নেপালের রাষ্ট্রপতির দেওয়া ভোজসভায়ও যোগ দেবেন। শুক্রবার দুপুরে শেখ হাসিনার দেশে ফেরার কথা।