বিদ্যুৎ চুরি করে রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎ চুরি করে আনুমানিক ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে ৬০টি অবৈধ সংযোগের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রংপুর বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট/বিচারক মো. মতিউর রহমান বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকি দেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওই মামলাগুলো করার নির্দেশ দেন।
কালীগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, এ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাসুদুল ইসলাম ওই ৬০টি পৃথক মামলার বাদী হয়েছেন।
মো. মাসুদুল ইসলাম বলেন, ‘রংপুর বিদ্যুৎ আদালতের ভ্রাম্যমাণ এ আদালত গতকাল সরেজমিনে কালীগঞ্জের নামুড়ী (পলাশী) ও তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ এসব বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় ১২টি বৈদ্যুতিক অবৈধ মিটার ও ২০০ মিটার বৈদ্যুতিক তার জব্দ করা হয়। পরে জব্দ করা বৈদ্যুতিক তারের নমুনা রেখে অবশিষ্ট তার পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা অবৈধ মিটারগুলো আমাদের হেফাজতে রয়েছে।’ মো. মতিউর রহমান বলেন, অবৈধভাবে এসব বিদ্যুৎ-সংযোগ স্থাপন কাজের সঙ্গে বিভিন্নভাবে যাঁরা জড়িত রয়েছেন তাঁদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসব অবৈধ বিদ্যুৎ-সংযোগ গ্রহণকারীরা একদিকে যেমন সরকারের প্রায় ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন, অন্যদিকে বৈধ বিদ্যুৎ-সংযোগ গ্রহণকারীদের অধিকারে ভাগ বসিয়েছেন।