গাজীপুরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে পাঁচজনকে ১১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া, আমবাগ ও দেওলিয়াবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ হোসেন। এদিকে নারায়ণগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্সের দুই সপ্তাহের অভিযানে বিদ্যুৎ চুরির মাধ্যমে কোটি টাকা রাজস্ব ফাঁকি ধরা পড়েছে।
গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুখলেছুর রহমান বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার আবদুল সালাম সরকারকে ৭৩ হাজার ৬১৭ টাকা, আমবাগ এলাকার মনির হোসেনকে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ টাকা, দেওলিয়াবাড়ি এলাকার মো. মামুন হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা, একই এলাকার রমিজ ও মনির হোসেনকে ৪ লাখ ৮১ হাজার ৪০ টাকা এবং সাদেক আলীকে ৫৮ হাজার ৫২৭ টাকা জরিমানা করা হয়েছে। চুরি করা ইউনিটের পরিমাণ ১ লাখ ৬ হাজার ৫৬০। অভিযানকালে তিনিসহ উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ, এজিএম মো. জুনায়েদ হোসেন ও এজিএম মো. নূরুল ইসলাম প্রমুখ।
এদিকে ১২ জুলাই থেকে গতকাল পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর তীরে ও ফতুল্লায় ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের একাধিক টিম অভিযান চালায়। এতে ২০টি ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা গ্যারেজে ২ লাখ ৬৬ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। এর মাধ্যমে ৫০ লাখ টাকার বিদ্যুৎ চুরি এবং ৬০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয় বিদ্যুৎ সঞ্চালন সংযোগে ব্যবহৃত ৪০০ মিটার সার্ভিস তার, ১৫০টি চার্জার, ১০টি বৈদ্যুতিক মিটার। এ ছাড়া বিচ্ছিন্ন করা হয় ২৫টি বিদ্যুৎ-সংযোগ।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, অবৈধ অটোরিকশার গ্যারেজে রাতে বিদ্যুৎ চুরি হতো। বিদ্যুৎ চুরির এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
এ ছাড়া ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের ২৩ নম্বর আল্লামা ইকবাল রোডে একটি নবনির্মিত আবাসিক বহুতল ভবনে স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরীর নেতৃত্বে বিদ্যুৎ চুরির ঘটনা উদ্ঘাটন করা হয়। এখানে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকি এবং সাড়ে সাত লাখ টাকার বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে।