বিদ্যুৎ চুরি ঠেকাতে গ্রেপ্তার ২, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় অবৈধ বিদ্যুৎ-সংযোগ ব্যবহার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় বিদ্যুৎ চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার ও কয়েকজনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অভিযানকালে মোট ১০টি মামলা করা হয়েছে।
গতকাল শনিবার এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-১-এর সহকারী পরিচালক (প্রশাসন) আবু তাহের। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলা শহরের বাংলাবাজার মহল্লার শীতল বোস (২২) ও কালাচাঁদপাড়া মহল্লার আতিয়ার রহমান (৪০)।
আবু তাহের জানান, জেলা শহরের বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মূল সংযোগ লাইনে বড়শি দিয়ে তার ঝুলিয়ে বিদ্যুৎ চুরি হচ্ছিল। এই চুরি প্রতিরোধে আদালত দিনভর শহরের কালাচাঁদপাড়া, বাংলাবাজার, লাইব্রেরি বাজার, অনন্ত ও কৃষ্ণপুর এলাকায় অভিযান চালান। অভিযানে বেশ কিছু বাসা ও কারখানায় বিদ্যুৎ চুরির আলামত পাওয়া যায়। আদালত এসব অপরাধে তৎক্ষণাৎ ১০টি মামলা দায়ের করেন। হাতেনাতে বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ায় দুটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে বেশ কিছু অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠান ও বাসার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে অবৈধ বিদ্যুৎ দিয়ে ব্যবহার করা অবস্থায় তিনটি টেলিভিশন, সাতটি ফ্যান, সাতটি ডিজিটাল মিটার ও ১৫০ মিটার তার জব্দ করেন আদালত।
আবু তাহের আরও বলেন, অভিযানের সময় অধিকাংশ অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী পলাতক ছিলেন। ফলে তাঁদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। গ্রেপ্তার দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।