বিদ্যুৎ চুরি, নয়জনকে ৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ চুরির দায়ে নয়জন আবাসিক গ্রাহককে ছয় লাখ ১৯ হাজার ৭৫২ টাকা জরিমানা করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। আজ বুধবার পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এই শাস্তি দেন।

এ ঘটনায় আট গ্রাহকের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলাও হয়েছে। আজ গাজীপুর সদর উপজেলার মারিয়ালি, শিমুলতলী, চাপুলিয়া, রাজদীঘিরপাড় রথখোলা, বিলাশপুর ও লক্ষ্মীপুরা এলাকায় এ অভিযান চালানো হয়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলাম জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির দায়ে মারিয়ালির আনোয়ার হোসেনকে ৩৭ হাজার ৭১৬ টাকা, চতর নয়াপাড়ার শাহাদত্ হোসেনকে এক লাখ ১২ হাজার ১০৭ টাকা, শিমুলতলীর নাজিম উদ্দিনকে ৬১ হাজার ৩০৪ টাকা, চাপুলিয়ার সাইদ উদ্দিনকে ৫১ হাজার ১৪৩ টাকা, রাজদীঘিরপাড়ের আফরোজা খাতুনকে ৫১ হাজার ১৪৩ টাকা, রথখোলার আবুল হোসেনকে ৩৬ হাজার ৬৩ টাকা, মারিয়ালির আমজাদ হোসেনকে ২৫ হাজার ৭৪১ টাকা, লক্ষ্মীপুরার আজহারুল ইসলামকে এক লাখ ৯৩ হাজার ৯৯২ টাকা ও উত্তর বিলাশপুরের আবুল হোসেনকে ৫১ হাজার ১৪৩ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে রথখোলার আবুল হোসেন ছাড়া বাকি আট গ্রাহকের বিরুদ্ধে বিদ্যুত্ আইনে আটটি মামলা হয়েছে।
খালেদুল আরও জানান, জরিমানার মধ্যে বিদ্যুত্ আইনে ভ্রাম্যমাণ আদালতের ৮০ হাজার টাকা এবং বাকি পাঁচ লাখ ৩৯ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়েছে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের জন্য।