বিদ্যুৎ চুরির দায়ে একজনের কারাদণ্ড দুজনের জরিমানা
নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে বিদ্যুতের ব্যবহারসহ বিভিন্ন অপরাধে একজনকে এক বছরের কারাদণ্ড ও দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এতে সহায়তা করেন পল্লী বিদ্যুতের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশ।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পৌরসভার ওয়াশেরপুর এলাকার বাবুল ভূঁইয়াকে (৪২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কয়েকটি বাড়িতে অবৈধ সংযোগ দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুজনকে। তাঁরা হলেন আবদুস সাত্তার ও মাসুদ রানা।
অভিযান চলাকালে প্রায় ৩০ লাখ টাকা বিল বকেয়া থাকায় দুটি অটো রাইস মিলসহ অর্ধশত গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া বিলও আদায় হয়েছে প্রায় ১৭ লাখ টাকা।