বিদ্যুৎ চুরির দায়ে ছয় গ্রাহককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির অপরাধে গতকাল সোমবার গাজীপুর সদরের ছয়জন গ্রাহককে পাঁচ লাখ ৪২ হাজার ১১৮ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন এ আদালত পরিচালনা করেন৷
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে গতকাল সকালে গাজীপুর সদর উপজেলার নাগপাড়া, আউটপাড়া ও বাড়িয়ালী এলাকায় অভিযান চালান৷ এ সময় মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরি করার অপরাধে গাজীপুর শহরের নাগপাড়া এলাকার মিজানুর রহমানকে এক লাখ ৭৭ হাজার ৬৩৮ টাকা, আসাদুজ্জামান মাস্টারকে ৬৯ হাজার ১৫, শাহ আলমকে ১৩ হাজার ২০৪ ও আবুল বাশারকে ২৮ হাজার ৯০৬; আউটপাড়া গ্রামের সখিনা খাতুনকে ৯২ হাজার ৪২০ এবং বাড়িয়ালী গ্রামের ইঞ্জাত আলীকে এক লাখ ৬০ হাজার ৯৩৫ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ চুরির অভিযোগে তাঁদের বিরুদ্ধে গতকাল জয়দেবপুর থানায় ছয়টি মামলা করেছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) খালেদুল ইসলাম অভিযান চালিয়ে ছয় গ্রাহককে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।