বিদ্যুৎ চুরির দায়ে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানা
বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির অপরাধে ১২ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৬২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। গত এক সপ্তাহে নয়টি স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া পাওনাও আদায় করেছে বিদ্যুৎ সরবরাহকারী এ প্রতিষ্ঠানটি।
গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিপিডিসির পক্ষে স্পেশাল টাস্কফোর্সের অভিযানে ৩ লাখ ৭৫ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা উদ্ঘাটন করা হয়। এর সঙ্গে জড়িত থাকার দায়ে জুরাইনের লস্কর ট্রেডার্স, ইস্টার্ন ফ্যান ইন্ডাস্ট্রিজ, লক্ষ্মীবাজারের নবাব ইউসুফ মার্কেট, ফতুল্লার মামুন ফ্লাওয়ার মিলস ও রোজগার্ডেন, স্বামীবাগের আল-মদিনা ডায়াগনস্টিক, একই এলাকার মো. নাসির গং, পোস্তাগোলার আশরাফ আলী খান, বাসাবোর আবদুর রউফ খান, বাংলাবাজারের এস এম লুৎফর রহমান এবং কামরাঙ্গীরচরের হাজি সালেহ আহমেদ ও হাজি ইয়ার আহমেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছ থেকে ২ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা বকেয়া হিসাবে আদায় করা হয়। এ ছাড়া অভিযানে বিদ্যুতের ২৬টি সংযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ আদালতে তিনটি ফৌজদারি মামলা করা হয়।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকি বন্ধে চিরুনি অভিযান চালানো হচ্ছে। অচিরেই বিদ্যুৎ চুরির নেটওয়ার্ক নির্মূল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।