বিদ্যুৎ চুরির মামলায় সিবিএ নেতা কারাগারে
মাহবুবর রহমান নামের এক সিবিএ নেতা বিদ্যুৎ চুরির ছয়টি মামলায় গতকাল বুধবার রংপুরের বিদ্যুৎ আদালতে জামিনের আবেদন করেন। এ সময় ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাহবুবর গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের লাইনম্যান। এ ছাড়া তিনি জহিরুল ইসলাম সমর্থিত জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক। সংগঠনের প্রভাব খাটিয়ে গাইবান্ধা সদর উপজেলার কুপতলাসহ বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ লাইন নির্মাণের মাধ্যমে শতাধিক গ্রাহককে অবৈধ সংযোগ দেন। এ ছাড়া গাইবান্ধার বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগে সহায়তা করেন তিনি।
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরি করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে রংপুরের বিদ্যুৎ আদালতে গত ১৭ ফেব্রুয়ারি তিনটি ও ২৩ ফেব্রুয়ারি তিনটি মামলা দায়ের করা হয়। গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সাদিকুল ইসলাম বাদী হয়ে ওই ছয়টি মামলা দায়ের করেন।