বিদ্যুৎ-জ্বালানি খাত উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার তহবিল গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে দাতানির্ভরতা কমাতে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকার একটি বিনিয়োগ তহবিল গঠনের সুপারিশ করা হয়েছে। সরকারের গঠিত এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি এই সুপারিশ করে তহবিলের নাম প্রস্তাব করেছে ‘বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার ইনভেস্টমেন্ট ফান্ড (বিইপিআইএফ)’। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র থেকে এ খবর জানা গেছে।কমিটির সুপারিশে বলা হয়, আড়াই হাজার কোটির মধ্যে ‘সিড মানি’ হিসেবে দেড় হাজার কোটি টাকা দেবে সরকার। তেল-গ্যাস অনুসন্ধানের জন্য এই তহবিলে আলাদাভাবে অর্থের সংস্থান রাখতে হবে। বিদ্যুত্ ও জ্বালানি খাতে সরকারি, বেসরকারি এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের প্রকল্পে এই তহবিলের অর্থ বাণিজ্যিক ভিত্তিতে বিনিয়োগ করা হবে। দেশে কর্মরত সরকারি, বেসরকারি, বিদেশি ব্যাংক ও ঋণদানকারী সংস্থা এবং আইনগতভাবে নিবন্ধিত যেকোনো প্রতিষ্ঠান (লিগ্যাল এনটিটি) এই তহবিলে বিনিয়োগ করতে পারবে। সমমূলধন (ইকুইটি) ও ঋণ দুইভাবেই এ তহবিল ব্যবহার করা যাবে।বর্তমান সরকার বিদ্যুত্ ও জ্বালানি খাতের উন্নয়নে যে রূপকল্প ঘোষণা করেছে, তা বাস্তবায়নের জন্য প্রায় ৭০ হাজার কোটি টাকা দরকার হবে। দাতানির্ভরতা কমিয়েও যাতে এই বিপুল অর্থের সংস্থান করা যায়, সে জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশে এই তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।এই তহবিলের অর্থের উত্স, এর গঠন কাঠামো ও ব্যবস্থাপনা পদ্ধতি কী হবে তা নির্ধারণের জন্য সরকার গত বছরের ২৫ অক্টোবর বিশেষজ্ঞ কমিটি গঠন করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে আহ্বায়ক করে গঠিত ১২ সদস্যের ওই কমিটি এক সপ্তাহ আগে মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, তহবিলটি একটি ‘লিমিটেড লায়াবিলিটি কোম্পানি’ হিসেবে এ দেশে নিবন্ধিত হবে। এই কোম্পানির নিযুক্ত একজন পেশাদার ব্যবস্থাপক কোম্পানির ‘অর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’ ও ‘মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন’ অনুযায়ী এই তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। তহবিল ব্যবহারের ক্ষেত্র হবে শুধু বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে এই তহবিল ব্যবহার করা হবে।প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, জ্বালানি অনুসন্ধানের মতো কোনো ক্ষেত্রে ব্যবহারের জন্য এই তহবিলে আলাদাভাবে অর্থের সংস্থান রাখতে হবে। কারণ, এই কাজ যেমন উচ্চ ঝুঁকিপূর্ণ, তেমনি অধিকতর লাভজনকও। এ ধরনের কাজের জন্য তহবিলটির অধীনে একটি ‘উপতহবিল’ গঠন করা যেতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।কমিটির একটি সূত্র জানায়, আপাতত ১২ বছরের জন্য এই তহবিল গঠন করা হবে। পরে প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হবে। এই তহবিলের জন্য শেয়ারবাজার থেকেও অর্থসংস্থানের বিষয়ে কমিটিতে আলোচনা হয়েছে।