বিদ্যুৎ-জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
সৌদি আরব বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও সেবা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সফররত সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজ গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা প্রকাশ করেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও সেবা খাতে সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বলেন, সরকারি পর্যায়ে, সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতে কিংবা যৌথ উদ্যোগে এই বিনিয়োগ করা যেতে পারে। শেখ হাসিনা সৌদি আরবকে সে দেশের নতুন নতুন প্রকল্পে বাংলাদেশ থেকে অধিকসংখ্যক চিকিৎসক, প্রকৌশলী, প্যারামেডিকস, সেবিকা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, অ্যাকাউনট্যান্ট এবং দক্ষ ও আধাদক্ষ শ্রমিক নিয়োগের অনুরোধ জানান। তিনি সৌদি প্রিন্সকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ করায় সৌদি আরবকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী অবশ্য কয়েক শ্রেণীর শ্রমিক নিয়োগের ওপর থেকে বিধিনিষেধ অপসারণের ওপর জোর দেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিদ্যমান এবং আগামী বছরগুলোতে এই সম্পর্ক আরও গভীর হবে।প্রধানমন্ত্রী বিনিয়োগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সৌদি প্রিন্সকে অভিনন্দন জানান। সৌদি প্রিন্স বাংলাদেশের শক্তিশালী অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এই দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। পরে প্রধানমন্ত্রী সৌদি প্রিন্সকে ‘বাংলাদেশ মৈত্রী পদক’ প্রদান করেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজজামান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। বাসস।