বিদ্যুৎ-জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মেয়াদ বাড়ল
বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন, ২০১৪-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর ফলে আইনটির মেয়াদ আরও চার বছর বাড়ানো হচ্ছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, আগামী ১১ অক্টোবর আইনটির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই আরও চার বছর মেয়াদ বাড়ানো হচ্ছে।
এই আইনের আওতায় সরকার স্বল্পসময়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে, ওয়েবসাইটে প্রচার চালিয়ে বা ই-মেইলে যোগাযোগ করে ‘আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে’ বিদ্যুৎ বা জ্বালানি প্রকল্পের জন্য চুক্তি করতে পারে। প্রচলিত দরপত্র পদ্ধতির প্রক্রিয়া অনুসরণ না করে সংক্ষিপ্ত সময়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পগুলো অনুমোদন করার উদ্দেশ্যে ২০১০ সালে আইনটি করা হয়েছিল।
বৈঠকে বাংলাদেশ নার্সিং কাউন্সিল আইনের নাম পরিবর্তন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফ কাউন্সিল আইন, ২০১৪-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ২৪ জুলাই ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাপটা বৈঠকে বাণিজ্যমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।