বিদ্যুৎ-জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মেয়াদ চার বছর বাড়ল

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন-২০১৪-এর খসড়ার মেয়াদ চার বছর বাড়ানো হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য ২০১০ সালে এই বিশেষ আইন করা হয়। দুই বছর পর এই আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। আগামী ১১ অক্টোবর ওই আইনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ বাড়ানো হলো আরও চার বছর।
বিদ্যুৎ ও জ্বালানি-সংক্রান্ত প্রয়োজনীয় প্রকল্প নেওয়ার জন্য ‘বিশেষ কমিটির’ মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করার বিধান রয়েছে এ আইনে। এর আওতায় সরকার স্বল্পসময়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে, ওয়েবসাইটে প্রচার চালিয়ে বা ই-মেইলে যোগাযোগ করে ‘আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে’ বিদ্যুৎ বা জ্বালানি প্রকল্পের জন্য চুক্তি করতে পারে।
সরকার গত চার বছরে এ আইনের আওতায় রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন, চলমান প্ল্যান্টগুলোর মেরামত এবং নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎসাশ্রয়ী কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সচিব বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে, এ আইনটি খুবই কার্যকর হয়েছে।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, মন্ত্রিসভা এবার শুধু আইনের মেয়াদ বাড়িয়েছে, নতুন করে কোনো বিধান সংযুক্ত করেনি।
জানা গেছে, প্রচলিত দরপত্র পদ্ধতির প্রক্রিয়া অনুসরণ না করে সংক্ষিপ্ত সময়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পগুলো অনুমোদন করার উদ্দেশ্যে ২০১০ সালে আইনটি করা হয়েছিল। সাধারণত দরপত্র পদ্ধতির পুরো প্রক্রিয়া অনুসরণ করলে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত তিন থেকে চার বছর সময় লেগে যায়। পুরো প্রক্রিয়া অনুসরণ না করলে প্রকল্প বাস্তবায়নে এক থেকে দেড় বছর সময় কম লাগে।
কিন্তু ওই সময় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান অনেক বেড়ে গিয়েছিল। দিনের অধিকাংশ সময় লোডশেডিং হতো। ওই বিশেষ অবস্থায় দ্রুত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আইনটি করা হয়েছিল। তখন মনে করা হয়েছিল, প্রথম দুই বছর পরই প্রচলিত দরপত্র প্রক্রিয়ায় প্রকল্প বাস্তবায়ন করা যাবে। তবে সেটি সম্ভব হয়নি। ২০১২ সালে আইনটির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছিল। আজ আবার চার বছরের জন্য সময় বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজকের বৈঠকে বাংলাদেশ নার্সিং কাউন্সিল আইনের নাম পরিবর্তন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফ কাউন্সিল আইন-২০১৪-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া ২৪ জুলাই ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাপটা বৈঠকে বাণিজ্যমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। ২২-২৩ জুলাই বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য গঠন করা যৌথ সমন্বয় কমিটির সভায় অংশ নেন। রাশিয়ার মস্কোয় ওই সভা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী মন্ত্রিসভাকে জানান।