বিদ্যুৎ টাওয়ারের নির্মাণকাজ বন্ধ করে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বৈদ্যুতিক টাওয়ার লাইনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট পাওয়ার প্লান্ট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত বিদ্যুৎ বিভাগের ৪০০ কেভির ওই লাইনের কাজ বন্ধ হয়ে গেছে।ওই কাজে নিয়োজিত কোরীয় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা ও এক ঠিকাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণসামগ্রী, টাকা ও মোটরসাইকেল লুটে নিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার এ ঘটনা ঘটে।কোরীয় প্রতিষ্ঠান হ্যান ব্যাগ লিমিটেড ও পুলিশের কাছ থেকে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পক্ষে সাব কন্ট্রাক্টে ওই বৈদ্যুতিক টাওয়ার লাইন নির্মাণের কাজ করছে প্রতিষ্ঠানটি। মেঘনা ঘাট পাওয়ার প্লান্টের পাশে স্থানীয় কোরবানপুর গ্রামে টাওয়ারের নির্মাণকাজ চলাকালে নির্মাণসামগ্রীর ঠিকাদারি ও চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এক মাস ধরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিচ্ছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে তালিকাভুক্ত স্থানীয় সন্ত্রাসী আরমান ও দিল মোহাম্মদ প্রতিষ্ঠানে হানা দেয়। তারা হিসাবরক্ষক মনির হোসেন, অফিস সহকারী মোহাম্মদ আলী শেখ ও ঠিকাদার মো. মিঠুকে জিম্মি করে প্রকল্প স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে মোগরাপাড়া ইউনিয়নের পিয়ার নগরে নিয়ে এক বাড়িতে ছয় ঘণ্টা আটকে রাখে। তারা তাঁদের মারধর করে মনির হোসেনের মোটরসাইকেল, ৬৩ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মোগরাপাড়া ডিগ্রি কলেজের সামনে নির্মাণসামগ্রী ভর্তি একটি ট্রাকও ছিনতাই করে তারা। এ ঘটনার পর প্রকল্পের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।এদিকে এ ঘটনায় পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার প্রায় সারা দিন ওই সন্ত্রাসী কার্যকলাপ ঘটলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক সোনারগাঁ থানায় মামলা করতে গেলে পুলিশ নিজস্ব কম্পিউটার থেকে একটি অভিযোগপত্র বের করে তাতে তাঁর স্বাক্ষর নেয়। এতে জিম্মি করা, মারধর ও মালামাল লুটের ঘটনা উল্লেখ করা নেই। আবার মোটরসাইকেল ছিনতাই করে নেওয়া হলেও লেখা হয়েছে, সেটি চুরি হয়েছে।মামলার পর গতকাল শনিবার দুপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজিজুল হক বলেন, তদন্ত শেষে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘বাদী এজাহারে যা উল্লেখ করেছেন, তা-ই আমরা নথিভুক্ত করেছি।’নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুরো ঘটনা উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি মামলা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশের গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।