বিদ্যুৎ থেকেই ৭৫ শতাংশ অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম না মেনে ভবন তৈরি করায় অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। আর এসব দুর্ঘটনার তিন-চতুর্থাংশই ঘটছে বৈদ্যুতিক কারণে। অন্যান্য অগ্নিকাণ্ডের তুলনায় এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণও অনেক বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্ঘটনা প্রতিরোধে দরকার জনসচেতনতা। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের নিয়মিত নজরদারিও প্রয়োজন।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দুর্ঘটনা ও উদ্ধারের পরিসংখ্যান বলছে, অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৬ সালে সারা দেশে প্রায় ১৭ হাজার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা শহরেই প্রায় ৪ হাজার দুর্ঘটনা ঘটেছে। আর এসব অগ্নিকাণ্ডের ৭০ থেকে ৭৫ শতাংশই ঘটেছে বিদ্যুৎ থেকে।

বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ডের একই প্রবণতা দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা দগ্ধ রোগীদের পরিসংখ্যান থেকেও। শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এসএইচএনআইবিপিএস) ২০১৫-২০১৬ সালের অ্যাক্টিভিটি রিপোর্ট বলছে, ২০১৬ সালে প্রায় ৫৯ হাজার দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে প্রায় ১৬ হাজার রোগীই এসেছেন বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে। প্রতিবেদনটি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।

এসএইচএনআইবিপিএস জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, বর্তমানে বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত কারণে পোড়া (ইলেকট্রিক বার্ন) একটি মারাত্মক সমস্যা এবং এসব দুর্ঘটনার ভয়াবহতাও অনেক বেশি। এ ধরনের পোড়ার ঘটনায় দগ্ধ রোগীর রয়েছে উচ্চ মৃত্যুঝুঁকি, পাশাপাশি অঙ্গহানির ঝুঁকি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বার্ন ইউনিটে আগুনে পুড়ে মারা যাওয়া রোগীর মধ্যে ৪২ শতাংশই বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত কারণে পোড়া। শুধু এ কারণে গত বছর তিন শতাধিক দগ্ধ ব্যক্তি মারা গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈদ্যুতিক দুর্ঘটনার মূল কারণ ভবন তৈরির সময় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ না মানা। পাশাপাশি অবৈধ সংযোগ ও বৈদ্যুতিক কাজে অনিয়মও বড় কারণ। যেমন নিম্নমানের বা নকল বৈদ্যুতিক তার ব্যবহার, পুরোনো বৈদ্যুতিক সরঞ্জাম যন্ত্রপাতির ব্যবহার, অদক্ষ লোক দিয়ে ওয়্যারিং করানো, ইলেকট্রো-মেকানিক্যাল যন্ত্রের (বয়লার, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদি) অতিরিক্ত ব্যবহার, অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ-ব্যবস্থা প্রভৃতি।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ই জানায়, অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অফিস, মার্কেট বা ঘনবসতিপূর্ণ এলাকায় বেশি ঘটে। আর কর্মস্থলেই বেশির ভাগ মানুষ দগ্ধ হন। তবে বাসাবাড়িতে বৈদ্যুতিক পণ্যের অসতর্ক ব্যবহারের কারণেও এমন দুর্ঘটনা ঘটছে।

২ মে থেকে বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন মো. হান্নান। তাঁর সারা শরীর ব্যান্ডেজে মোড়া। পেশায় স্যানিটারি মিস্ত্রি ২৫ বছরের এই তরুণের শরীরের ৩৫ শতাংশই পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনি দগ্ধ হয়েছেন বলে জানান তাঁর মা ফাতেমা বেগম।

বার্ন ইউনিটেও বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত কারণে পোড়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসক তানভীর আহমেদ। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে প্রতিদিন ভর্তি থেকে গড়ে ৫৭০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাঁদের বেশির ভাগই বৈদ্যুতিক দুর্ঘটনায় পোড়া রোগী।

বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে, এমন তথ্যের সঙ্গে একমত পোষণ করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ। তিনি বলেন, নিয়ম না মেনে নগরায়ণ, শিল্পায়ন ও দৈনন্দিন কাজে বৈদ্যুতিক পণ্য ব্যবহার করায় এমন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। তবে মানুষের অসাবধানতাও দুর্ঘটনার বড় কারণ। নাম না প্রকাশের শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতাও অগ্নিকাণ্ডের একটি বড় কারণ। নিয়ম মেনে বৈদ্যুতিক কাজ করানো হচ্ছে কি না অথবা কেউ অবৈধ সংযোগ নিচ্ছে কি না, এ ব্যাপারে কোনো নজরদারি নেই।

এ অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) নির্বাহী প্রকৌশলী জিলহজ উদ্দিন। তিনি বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জন্য অনেক জায়গার বৈদ্যুতিক খুঁটি থেকে ডিশ, ইন্টারনেট লাইন পৃথক করা যাচ্ছে না।