বিদ্যুৎ থেকেও নেই হারিকেনই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি হলে ফ্যান ঘোরে ঢিমেতালে। কখনো বা একেবারে থেমে যায় পাখার গতি। বাল্বও ঠিকমতো জ্বলে না। প্রায় এক বছর ধরে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার শব্দলদীঘি মহল্লার ৫৩টি পরিবার এ সমস্যার মধ্যে রয়েছে। শীত-গ্রীষ্ম-বর্ষা—সারা বছরই লো-ভোল্টেজ।
এ নিয়ে এলাকাবাসী বিদ্যুৎ কার্যালয়ে একাধিকবার ধরনা দিয়েছেন। অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
মহল্লাবাসী অভিযোগ করেন, তাঁদের মহল্লায় বৈধ বিদ্যুৎ-সংযোগ রয়েছে। গ্রাহকেরা সময়মতো বিদ্যুৎ বিলও দিচ্ছেন। কিন্তু বিদ্যুৎ-সংযোগের উপযুক্ত সেবা থেকে তাঁরা বঞ্চিত। এ নিয়ে বিদ্যুৎ কার্যালয়ে গেলে বিভিন্ন সমস্যার কথা বলে কর্তৃপক্ষ দায়সারা গোছের উত্তর দেয়। আবার কখনো ‘এই হবে, হচ্ছে’ ধরনের কথা বলে মহল্লাবাসীকে বিদায় করেন।
ওই মহল্লার সাত-আটজন বলেন, তাঁরা আগে ভালো ভোল্টেজ পেতেন। কিন্তু এক বছর ধরে এ সমস্যা দেখা দিয়েছে। এখন বাল্ব থেকে যে আলো বের হয়, তা দিয়ে ঘরের অন্ধকারই কাটে না। নজিরবিহীন লো-ভোল্টেজের জন্য তাঁরা অসহায় হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য যে তার টানানো হয়েছে, তা নিম্নমানের। তার ওপর মহল্লা থেকে ট্রান্সফরমারের দূরত্ব বেশি। এ দুটি কারণে লো-ভোল্টেজের এমন অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। মহল্লার সামনে নতুন একটি ট্রান্সফরমার বসানো ও সামান্য কিছু তার পরিবর্তন করা হলেই এ সমস্যা আর থাকবে না।
সরেজমিনে দেখা যায়, গত রোববার রাতে মহল্লায় বিদ্যুৎ থাকলেও সেই বিদ্যুতে কোনো কাজ করা সম্ভব নয়। লো-ভোল্টেজ এতটাই মারাত্মক যে ঠিকমতো নিজের হাতটুকুও দেখা যায় না। তাই গ্রামের বাড়িগুলোতে কোথাও হারিকেন, কোথাও মোমবাতি আবার কোথাও বা কেরোসিনের কুপি জ্বলছে।
মহল্লার মোখলেছার রহমান (৩৮) বলেন, ‘আমাদের মহল্লায় ভোল্টেজের যা অবস্থা, তাতে বাল্বের পাশাপাশি মোমবাতি, হারিকেনও জ্বালাতে হয়। এ রকম বিদ্যুৎ-সেবার জন্য ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি তো হচ্ছেই, সেই সঙ্গে বিদ্যুতের সঙ্গে জড়িত কোনো কাজই করা যাচ্ছে না।’ গৃহবধূ আনোয়ারা বেগম (৪৫) জানান, তাঁদের বাড়িতে বিদ্যুতের এ অবস্থার কারণে গরমের সময় আত্মীয়স্বজন বেড়াতে পর্যন্ত আসে না।
শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, ‘শুধু একটি ট্রান্সফরমার বসানো আর সামন্য কিছু তার পরিবর্তন করলেই সমস্যা মিটে যায়। কিন্তু এই সামান্য কাজটুকু করতে একাধিকবার বিদ্যুৎ অফিসে ধরনা দিয়েছি, তারপরও কাজ হয়নি।’
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শিবগঞ্জ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আমিনুল হক বলেন, স্বাভাবিক ভোল্টেজ যাতে ওই এলাকার মানুষ পায়, সে জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।