বিদ্যুৎ দেওয়ার কথা বলে টাকা তুলেছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে ইউনিয়নের দুটি গ্রামের বাসিন্দাদের কাছ থেকে অবৈধভাবে টাকা তুলেছেন।
টাকা তোলার কথা স্বীকার করে আবদুল হান্নান দাবি করেন, পল্লী বিদ্যুতের কার্যালয়ের কর্মকর্তাদের আপ্যায়নের জন্য তিনি এ টাকা তুলেছেন।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মাশফিকুল হাসান জানান, তাঁদের সংশ্লিষ্ট বিভাগ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকেই মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া ও তালতা গ্রামে বিদ্যুৎ সম্প্রসারণের কার্যক্রম চলছে। কেউ যদি বিদ্যুতের সংযোগের নাম করে টাকা উত্তোলন করে থাকেন, তবে তা হবে অবৈধ। এই টাকা আদায়ের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
তালতা গ্রামের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ জানান, ওই নেতা গ্রামের শতাধিক কৃষককে বোকা বানিয়ে বিদ্যুতের নাম করে এক লাখেরও বেশি টাকা তুলেছেন। এতে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
একই গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, গ্রামে বিদ্যুৎ আসবে, এ জন্য তাঁকে ৫০০ টাকা দিতে হয়েছে। একই কথা জানান আরেক কৃষক ইয়াকুব আলী। ভাদাইসপাড়া গ্রামের দিনমজুর জাহিদুল ইসলাম জানান, ১০ টাকা হারে সুদে এক হাজার টাকা সংগ্রহ করে তাঁকে দিতে হয়েছে। দিনমজুর ইউনুছ আলী ও ইয়াকুব আলী জানান, তাঁদেরই গ্রামে আবদুল হান্নানের বাড়ি। গ্রামে বিদ্যুৎ নিয়ে আসার জন্য পল্লী বিদ্যুৎ কার্যালয়ে টাকা দিতে হবে জানিয়ে তিনি গ্রামের সব বাড়ি থেকে এক হাজার টাকা করে তুলেছেন। নিজস্ব লোক দিয়ে তিনি এ টাকা উত্তোলন করেছেন প্রায় দুই সপ্তাহ আগে। টাকা উত্তোলনকারীদের একজন মো. আবু জাফর জানান, সংগ্রহ করা টাকা তিনি আবদুল হান্নানের কাছে জমা দিয়েছেন।
এ ব্যাপারে আবদুল হান্নান জানান, টাকা নেওয়ার কথা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের। তাঁরা তো স্বীকার করবেন না। এ পর্যন্ত ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। আরও ৫০ হাজার টাকা ব্যয় হবে। এই টাকা কর্মকর্তাদের আপ্যায়ন খরচ বলে দাবি করেন তিনি। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন জানান, এ ধরনের কাজে কোনো টাকা লাগে না।