ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো জেনারেটর নেই। বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালিয়েই চলে চিকিৎসা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এলাকার ১০টি ইউনিয়নের তিন লাখ মানুষের জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিই একমাত্র ভরসা। স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি ছয় বছর ধরে বিকল। নেই কোনো জেনারেটর। বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা নিতে হয় রোগীদের। পুরুষ ওয়ার্ডের চিকিৎসাধীন নাদিম মিয়া বলেন, জেনারেটর না থাকায় রোগীদের খুবই কষ্ট হচ্ছে। মহিলা ওয়ার্ডের রোগী নাছিমা আক্তার বলেন, ‘মেশিন নষ্ট থাকায় এক্স-রে করাতে পারছি না।’ সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যার ভবন নির্মাণ প্রায় এক বছর আগে শেষ হয়েছে। কিন্তু বারবার লিখিতভাবে জানালেও অনুমোদন না হওয়ায় ৫০ শয্যার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, জেনারেটর না থাকায় নিজস্ব অর্থায়নে মাসিক ১৬০ টাকা ভাড়ায় জরুরি বিভাগের জন্য একটি লাইট ভাড়া করা হয়েছে। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বলেন, হাসপাতালে জেনারেটর নেই। কষ্ট করে চিকিৎসা চালাতে হচ্ছে। এক্স-রে মেশিনটিও ছয়-সাত বছর ধরে বিকল। এর জন্য গত ছয় মাসে তিনবার লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। ৫০ শয্যার কার্যক্রমের অনুমতি পেতে স্থানীয় সাংসদের সুপারিশসহ আবেদন করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সফররাজ খান প্রথম আলোকে বলেন, ‘জেনারেটর না থাকার বিষয়টি জানা নেই। এক্স-রে মেশিনের বিষয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ৫০ শয্যার অনুমোদন হয়েছে। এখন লোকবল ও আসবাবের অপেক্ষায় আছি।’