বিদ্যুৎ না থাকায় রাজধানী জুড়ে পানির ভোগান্তি
বিদ্যুৎ না থাকায় গতকাল রাজধানীজুড়ে পানির সংকট ছিল। দিনে-রাতে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। তবে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ গতকাল শনিবার রাত আটটার দিকে প্রথম আলোকে বলে, রাত ১২টা পর্যন্ত পানি সরবরাহে কোনো সমস্যা হবে না।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলেও নগরবাসী বুঝে উঠতে পারছিলেন না—ঠিক কী কারণে বিদ্যুৎ নেই। অনেকেই ভেবেছেন, লোডশেডিং চলছে। যখন জানা গেছে, জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় ঘটেছে, তখন অনেক বাড়ির সংরক্ষিত পানির ট্যাংক শূন্য হয়ে গেছে। যেসব বাড়িতে মোটরের সাহায্যে পানি তোলা হয়, সেসব বাড়িতে বিদ্যুতের অভাবে মোটর চালানো যায়নি।
ঢাকার রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা বিলকিস আক্তার গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোয় ফোন করে জানতে চান, ‘বিদ্যুৎ কখন আসবে’। তিনি বলেন, তাঁর বাসায় আইপিএস থাকায় একটি ফ্যান চালাতে পারছেন। কিন্তু দুপুরেই পানি চলে যাওয়ার পর ভোগান্তিতে পড়েন। বিলকিসের বাড়িওয়ালা তাঁকে জানিয়েছেন, বিদ্যুৎ ছাড়া মোটর চালানো সম্ভব নয়।
ওয়ারী এ কে সেন রোড থেকে দীপঙ্কর রায় রাত পৌনে নয়টায় প্রথম আলোতে ফোন করে জানতে চান, বিদ্যুৎ আসবে কি না? তিনি জানান, দোকান থেকে মোমবাতি কিনে এনেছেন, বিদ্যুৎ না এলে তাঁকে খাবার পানিও কিনে আনতে হবে।
পানির এই সমস্যা ছিল প্রায় পুরো রাজধানীজুড়ে। কারও খাওয়ার পানির সমস্যা, কারও পরিবারে ব্যবহারের জন্য অন্য পানির সমস্যা। অনেকে খাওয়ার পানির সমস্যা মিটিয়েছেন দোকান থেকে পানির বোতল কিনে। অনেকে বিদ্যুৎ ফিরে আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় অনেক পরিবার দুরবস্থায় পড়ে।
বকশীবাজার থেকে আনোয়ারুল আলম বলেন, একযোগে বিদ্যুৎ ও পানির সমস্যায় তাঁর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছে।
শ্যামলী রিং রোড এলাকার বাসিন্দা বাবুল ধর ফোন করে জানতে চান, রাতে বিদ্যুৎ আদৌ আসবে কি না? আগে তোলা পানি সন্ধ্যা পর্যন্ত মজুত থাকায় কোনোভাবে প্রয়োজনীয় কাজ সেরেছেন। কিন্তু গভীর রাতে কী হবে?
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের গোলাপবাগ, মানিকনগর, বাসাবো, আরামবাগ, মালিবাগ, রামপুরা, মগবাজার, তেজগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, বউবাজার, কল্যাণপুর নতুনবাজারসহ বৃহত্তর মিরপুর, গ্রিন রোড, কাঁঠালবাগান, মোহাম্মদপুর, বৃহত্তর পুরান ঢাকায় পানির ভোগান্তি ছিল।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গত রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘পানি সরবরাহ ব্যবস্থা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্তত রাত ১২টা পর্যন্ত পানি সরবরাহ অব্যাহত রাখা যাবে। এ সময়ের মধ্যে বিদ্যুৎ না এলে বিকল্প বিষয় চিন্তা করা হবে।’ তিনি বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার চালু রয়েছে।