বিদ্যুৎ না থাকায় বোরো আবাদ অনিশ্চিত
বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় বোরো রোপণ করতে পারছেন না ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের বীররামপুর গ্রামের কৃষকেরা। আর ডিজেলচালিত গভীর ও অগভীর নলকূপগুলোতে শুরু হয়েছে বোরো আবাদ।ওই গ্রামের একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎচালিত গভীর নলকূপে প্রায় ৬০০ একর জমিতে বোরো চাষ হয়। এলাকার ট্রান্সফরমার বিকল থাকায় গ্রামে বোরো চাষ ব্যাহত হচ্ছে। ট্রান্সফরমার মেরামতের জন্য প্রতিজন গ্রাহক ২০০-৩০০ টাকা করে দিলেও তা ঠিক করা হয়নি। কৃষক আবুল হাসিম জানান, এক সপ্তাহের মধ্যে ট্রান্সফরমার না লাগালে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়বে।বিদ্যুৎ কার্যালয় থেকে জানা যায়, ১০০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার দিয়ে গ্রাহকদের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এদিকে ঘন ঘন ট্রান্সফরমার বিকল হওয়ায় এবার এটি পরিবর্তন করে ২০০ কেভি ট্রান্সফরমার আনার চেষ্টা চলছে।ব্যবসায়ী আবদুল আজিজ বলেন, ট্রান্সফরমার নষ্ট হলে তা সময়মতো ঠিক করা হয় না। বিদ্যুৎ কার্যালয়ে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যায় না।ত্রিশাল বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করা হলে আবাসিক প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, এক সপ্তাহের মধ্যে ট্রান্সফরমার লাগানোর চেষ্টা করা হচ্ছে। ২০০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার আনতে একটু সময় লাগছে।