বিদ্যুৎ না থাকায় মরে গেছে ৫০টি মা-মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি-সংকটের কারণে লক্ষ্মীপুরের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণকেন্দ্রের ছয় মণ মা-মাছ (৫০টি) মরে গেছে। বিদ্যুতের অভাবে পর্যাপ্ত পানি তুলতে না পারায় এখন সাত মেট্রিক টন ডিমওয়ালা মাছ হুমকিতে রয়েছে। পানিশূন্য হয়ে পড়েছে ৩৫টি পুকুর। এ অবস্থায় বেকায়দায় পড়েছে হ্যাচারি কর্তৃপক্ষ।মৎস্য প্রজনন সূত্র জানায়, মার্চ থেকে আগস্ট পর্যন্ত কেন্দ্রটিতে ৪৮০ কেজি রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিমাণ রেণু থেকে প্রায় ১৬ কোটি পোনা উৎপাদন হওয়ার কথা। কিন্তু গত এক মাসে বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে কেন্দ্রের ৬৯টি পুকুরের মধ্যে ৩৫টি পানিশূন্য হয়ে পড়েছে। পাম্প দিয়ে চাহিদামতো পানি দিতে না পারায় মা-মাছ থেকে আশানুরূপ ডিম পাওয়া যাচ্ছে না।কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, ডিম দেওয়ার পর মা-মাছগুলো দুর্বল থাকে। এ সময় পুকুরে পর্যাপ্ত পানি দিতে হয়। কিন্তু পর্যাপ্ত পানি দিতে না পারায় গত এক মাসে কাতলা, রুই, মৃগেল, কালবাউশসহ বিভিন্ন প্রজাতির ছয় মণ মা-মাছ মরে গেছে। প্রচণ্ড তাপে পানি গরম হয়ে ওঠায় ঝুঁকির মুখে রয়েছে সাত মেট্রিক টন ডিমওয়ালা মাছ। রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণকেন্দ্র সূত্র জানায়, প্রতি বৃহস্পতিবার রেণু ও বুধবার পোনা বিক্রি করা হয়। গত বৃহস্পতিবার ১৫০ কেজি রেণুর চাহিদা ছিল। কিন্তু সরবরাহ করা হয় মাত্র ৩০ কেজি। গত বুধবার ৭০ হাজার পোনার চাহিদা ছিল, কিন্তু সরবরাহ করা হয় মাত্র ২০ হাজার পোনা। রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক পঙ্কজ চৌধুরী বলেন, ‘প্রতিদিন এক ঘণ্টা পর দুই ঘণ্টা লোডশেডিং থাকে। নোয়াখালী পিডিবি থেকে লোডশেডিং করায় আমাদের কিছু করার নেই। তা ছাড়া রায়পুরে বিদ্যুতের চাহিদা রয়েছে সাত মেগাওয়াট, আর পাওয়া যাচ্ছে মাত্র এক মেগাওয়াট।’