বিদ্যুৎ না থাকায় শিশুদের টিকাদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের এক বছরের মধ্যে শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে টিকা দেওয়া হয়। কিন্তু মানিকগঞ্জ সদর হাসপাতাল ভবন সংস্কারকাজের জন্য টিকাদান কক্ষে বিদ্যুৎ না থাকায় দুই সপ্তাহ ধরে শিশুদের এসব টিকা দেওয়া ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জন্মের এক বছরের মধ্যে শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে পাঁচটি টিকা দেওয়া হয়। ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, পোলিও, হুপিং কাশি, হাম, হেপাটাইটিস বি, যক্ষ্মা ও ইনফ্লুয়েঞ্জা—প্রাণঘাতী এসব রোগ থেকে রক্ষা পেতে শিশুদের ওই টিকা দেওয়া হয়।
হাসপাতাল সূত্র ও ভুক্তভোগী অভিভাবকেরা জানান, দুই সপ্তাহ ধরে সদর হাসপাতালের ভবনের বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলছে। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে নবজাতক শিশুদের প্রতিষেধক টিকাদান কক্ষে দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন শিশু ও অভিভাবকেরা।
গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকা থেকে দুই মাসের শিশুকন্যাকে টিকা নিতে হাসপাতালে নিয়ে যান রবিউল আলম। তিনি জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকাদান কক্ষে কাউকে পাননি। শিশুটিকে টিকা না দিয়েই তাঁকে ফিরে যেতে হয়েছে।
মানিকগঞ্জ পৌর এলাকার মানরা গ্রামের শওকত হোসেন জানান, গত দুই সপ্তাহে অন্তত পাঁচবার তাঁর ৫৪ দিনের শিশুকন্যা সিনহা আক্তারকে প্রতিষেধক টিকা দিতে তাঁরা হাসপাতালে যান। কিন্তু তাঁর সন্তানকে টিকা দেওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার স্বাস্থ্যকর্মী জাহানারা বেগম ও টিকাদান কর্মী আজিজুল হক শিশুদের এসব প্রতিষেধক টিকা দিয়ে থাকেন। স্বাস্থ্যকর্মী জাহানারা বেগম জানান, এসব প্রতিষেধক টিকা শিশুদের শরীরের চামড়ার নিচে দেওয়া হয়। কক্ষে বিদ্যুৎ না থাকায় পর্যাপ্ত আলোর স্বল্পতার কারণে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না।