বিদ্যুতের অভাবে পর্যাপ্ত পানি তুলতে না পারায় লক্ষ্মীপুরের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণকেন্দ্রে পানিসংকট তীব্র আকার ধারণ করেছে। পানির সমস্যায় গতকাল মঙ্গলবার চারটি মা-মাছ (ব্রুড মাছ) মরে গেছে। পর্যাপ্ত পানির অভাবে আরও সাত মেট্রিক টন ডিমওয়ালা মা-মাছের জীবন হুমকিতে।চৈত্রের খরতাপে কেন্দ্রের ২০টি পুকুরেই পানির স্বল্পতা দেখা দিয়েছে। এ অবস্থায় বেকায়দায় পড়েছে হ্যাচারি কর্তৃপক্ষ। মৎস্য প্রজনন ও প্রশিক্ষণকেন্দ্র সূত্র জানায়, মার্চ থেকে আগস্ট পর্যন্ত এ কেন্দ্রে ৬০০ কেজি রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিমাণ রেণু থেকে প্রায় ২৫ কোটি পোনা উৎপন্ন হওয়ার কথা। কিন্তু গত এক মাসে তাপ বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের হারও বেড়েছে। প্রচণ্ড তাপে কেন্দ্রের ৬৯টি পুকুরের মধ্যে ৩৫টিই শুকিয়ে প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। বিদ্যুৎসংকটে পুকুরগুলোতে পাম্প দিয়ে চাহিদামতো পানিও সরবরাহ করা যাচ্ছে না। অনুকূল পরিবেশ না পাওয়ায় মা-মাছগুলোর কাছ থেকে আশানুরূপ ডিমও পাওয়া যাচ্ছে না। কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মহিব উল্যাহ জানান, ডিম দেওয়ার আগে ও পরে মা-মাছগুলো দুর্বল থাকে। এ সময় পুকুরে পর্যাপ্ত পানি দিতে হয়। কিন্তু পর্যাপ্ত পানি দিতে না পারায় গতকালই তিনটি সিলভার কার্প ও একটি কালি বাউশ মা-মাছ মারা গেছে। এ মাছগুলো থেকে প্রায় চার লাখ পোনা উৎপাদন হতো। প্রচণ্ড তাপে পানি গরম হয়ে যাওয়ায় ঝুঁকির মুখে রয়েছে প্রায় সাত মেট্রিক টন ডিমওয়ালা মা-মাছ। এ অবস্থায় উদ্বিগ্ন কেন্দ্র কর্তৃপক্ষ।পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, প্রতিদিন এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার পর সাড়ে তিন ঘণ্টা লোডশেডিং হয়। নোয়াখালীর পিডিবি থেকে লোডশেডিং করলে আমাদের কিছুই করার নেই। এ উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে আট মেগাওয়াট। অথচ পাওয়া যাচ্ছে মাত্র দেড় থেকে দুই মেগাওয়াট।জসিম উদ্দিন বলেন, ‘হ্যাচারির মাছ মারা যাওয়া বা ডিমওয়ালা মাছ হুমকিতে থাকার বিষয়টি আমার জানা নেই। হ্যাচারিতে গিয়ে পরিস্থিতি দেখে কিছু করা যায় কি না, সে চেষ্টা করব।’