বিদ্যুৎ না পেলে কেন্দ্র ঘেরাও করবেন শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘গ্রামগঞ্জের চাহিদা পূরণ কইরা বাড়তি বিদ্যুৎ অন্য জায়গায় নেওয়া যাবে। কিন্তু গ্রামের লোককে বিদ্যুৎ না দিয়া অন্য খানে বিদ্যুৎ নিয়া যাইতে দেওয়া হবে না। তাহলে আমি সবাইরে সাথে নিয়া বিদ্যুৎকেন্দ্র ঘেরাও করব। এই ঘেরাওয়ের হাত থিইকা বাঁচতে হইলে চাওয়া মাত্রই বিদ্যুৎ দিয়া দেও।’বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে গতকাল শুক্রবার ফরিদপুর সদরের মুন্সিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় শ্রমমন্ত্রী এ কথা বলেন। ৫ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ফরিদপুর শহর বাইপাস সড়কের উদ্বোধন উপলক্ষে ওই জনসভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে শ্রমমন্ত্রী বলেন, ‘ফরিদপুরে বিদ্যুৎকেন্দ্র হইছে। প্রথমে ৫০ মেগাওয়াট কেন্দ্র করা হয়। পরে ১০০ মেগাওয়াটে উন্নীত করা হইছে। যার যা বিদ্যুৎ লাগে এহনই নিয়া নাও।’গেরদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় প্রমুখ। ফরিদপুর পৌর এলাকার রাজবাড়ী রাস্তার মোড় থেকে গেরদা ইউনিয়নের মুন্সিবাজার পর্যন্ত এ বাইপাস সড়কটির নির্মাণকাজ শুরু হয় ১৯৯৮ সালের জুলাই মাসে। নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৭৬ লাখ টাকা।