বিদ্যুৎ না পেয়ে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুরে গতকাল শুক্রবার বিদ্যুতের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী। এ সময় ক্ষুব্ধ লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে দেয়। ফলে সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাস পেলে তারা অবরোধ তুলে নেয়। এলাকাবাসী জানায়, দুই দিন ধরে আবদুল্লাপুরের মালিভিটা, করেরগাঁও, সাস্তা, কদমপুর, বাঘাপুর, কলাকান্দিসহ কয়েকটি গ্রামে বিদ্যুৎ নেই। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামগুলোর বাসিন্দারা গতকাল সকাল নয়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের আবদুল্লাপুর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে। বিক্ষুব্ধ লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে দেয়। অবরোধে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার পথে যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে ও ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ যায়। পরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ হাসনাবাদ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আমানুল্লাহ পাটোয়ারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া ঘটনাস্থলে গিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। করেরগাঁও এলাকার বাসিন্দা মিজান মিয়া জানান, ‘গত কয়েক দিন ধরে বিদ্যুৎ না থাকায় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একাধিকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’ ডিজিএম আমানউল্লাহ পাটোয়ারী সাংবাদিকদের জানান, কেরানীগঞ্জে বিদ্যুতের চাহিদা রয়েছে ৭০ থেকে ৭৫ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৩২ মেগাওয়াট। এ জন্য লোডশেডিং হচ্ছে। তিনি আরও জানান, কালবৈশাখীতে কয়েকটি এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুই দিন ধরে ওই সব এলাকায় বিদ্যুৎ নেই। তবে শিগগিরই বিচ্ছিন্ন তারগুলো ঠিক করা হবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বিদ্যুতের দাবিতে লোকজন ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।