বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অবশেষে শুরু হচ্ছে। আগামীকাল বুধবার ঢাকায় দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে এই আলোচনা হবে।এ জন্য নেপালের জ্বালানিমন্ত্রী রাধা কুমারী গয়ালি আজ মঙ্গলবার বিকেলে তিন দিনের সফরে ঢাকায় আসছেন।
সফরকালে নেপালি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।আগামী বৃহস্পতিবার তিনি যাবেন কুষ্টিয়ার ভেড়ামারায়। সেখানে তিনি ভারত থেকে বাংলাদেশ যে উচ্চক্ষমতার গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ আমদানি করছে, সেই স্থাপনা পরিদর্শন করবেন।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানির কথা প্রায় দুই দশক ধরে শোনা গেলেও এ বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার পরিবেশই তৈরি করা হয়নি। বিগত মহাজোট সরকার ২০১০ সালে এই পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া শুরু করে। এরই ধারাবাহিকতায় এই আলোচনা হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নেপাল থেকে বিদ্যুৎ আনা কিংবা সেখানে পানিবিদ্যুৎ উৎপাদনের জন্য বিনিয়োগ করার বিষয়গুলো আপাতদৃষ্টিতে দ্বিপক্ষীয় হলেও কার্যত এটি আঞ্চলিক বিষয়। কারণ, নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনা-নেওয়ার লাইন তৈরি করতে হলে ভারতের স্থলভাগ ব্যবহার করতে হবে।
সূত্রটি জানায়, নেপালের পার্বত্য নদীগুলোর বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে প্রায় ৮৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু নেপাল নিজেদের চাহিদা পূরণ করার মতো বিদ্যুৎই এখনো উৎপাদন করতে পারছে না। সেখানে দৈনিক প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং চলে। তাই নেপাল থেকে শিগগিরই বিদ্যুৎ আনা যাবে, এমন ধারণা করার কারণ নেই।
তবে সেখানে পানিবিদ্যুৎ স্থাপন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে, ভারতীয় কোনো কোম্পানির উৎপাদিত বিদ্যুৎ থেকে আমদানি করার সম্ভাবনা প্রচুর। যেমন ভারতীয় বেসরকারি প্রতিষ্ঠান জিএমআর পাওয়ার নেপালে প্রায় দেড় হাজার মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প বাস্তবায়ন করছে। তারা বাংলাদেশে বিদ্যুতের বাজার খুঁজছে।তাদের কাছ থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে পারে। নেপালি মন্ত্রীর বাংলাদেশ সফরকালে এসব নিয়ে আলোচনা হবে।
বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, নেপালের জ্বালানিমন্ত্রীর এই প্রথম বাংলাদেশ সফরে সে দেশে পানিবিদ্যুৎ উৎপাদনে যৌথ বিনিয়োগের সম্ভাবনা, বিদ্যুৎ আমদানি, দুই দেশের মধ্যে কারিগরি ও জনবল প্রশিক্ষণে সহযোগিতা প্রভৃতি সব বিষয়েই প্রাথমিক আলোচনা হবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ করার পরিবেশ সৃষ্টি।’