বিদ্যুৎ নিয়ে পুরান ঢাকায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার রাজার দেউড়ি, তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ কোতোয়ালি থানার অধীন কিছু এলাকায় রোজার মাসেও বিদ্যুতের কষ্ট। এ ছাড়া নারিন্দা, ওয়ারী, কে এম দাস লেন এলাকার বাসিন্দারা বিদ্যুতের সমস্যার অভিযোগ করছেন। দিনরাতে কমপক্ষে দুবার, কোনো কোনো দিন চারবারও বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছে। অন্যদিকে শাঁখারীবাজারের আশপাশের এলাকায় অবৈধ লাইন থেকে বিদ্যুৎ ব্যবহার আবারও বেড়েছে।

গত বুধবার এলাকায় গেলে রাজার দেউড়ির বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী রশিদুল হক প্রথম আলোকে বলেন, রমজান মাসেও বিদ্যুতের ভোগান্তি থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। একে তো গরম, তার ওপর রোজা রেখে বিদ্যুতের কষ্ট খুবই দুর্ভাগ্যজনক।
ওই এলাকার আরেক বাসিন্দা তৌহিদুর রহমান বলেন, আইপিএস থাকায় মাঝে মাঝে টের পাওয়া যায় না যে বিদ্যুৎ গেছে। কিন্তু আইপিএসেরও একটা ক্ষমতা আছে। পানিটোলায় পানির সমস্যার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের সমস্যাও বেড়েছে বলে জানালেন দোকানি রতন ঘোষ। তিনি বলেন, দোকানঘরে ইমার্জেন্সি লাইট রাখতে হয়েছে। কারণ, কখন বিদ্যুৎ চলে যাবে, তার ঠিক নেই। তবে মাঝে মাঝে বিদ্যুৎ আসতে এত দেরি হয় যে ইমার্জেন্সি লাইটের চার্জও চলে যায়।
ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটের বাসিন্দা সায়েম হোসেন বলেন, বুধবার সকালেও বিদ্যুৎ চলে গেছে। পার্শ্ববর্তী লারমিনি স্ট্রিটে রাতের বেলায়ও বিদ্যুতের যাওয়া-আসার খেলা চলে বলে বাসিন্দারা জানান। কে এম দাস লেনে গত সোমবার দুপুরে টানা এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) স্কাডার কর্মকর্তা মো. মামুন বলেন, বর্তমানে ডিপিডিসির অধীন এলাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে না। মাঝে মাঝে ব্রেকডাউনের জন্য বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটে। ঝড়-বৃষ্টি হলে তা একটু বাড়ে।
অবৈধ লাইনে বিদ্যুৎ: পুরান ঢাকার শাঁখারীবাজার, কোতোয়ালি রোড, পাটুয়াটুলীসহ কিছু এলাকায় অবৈধ লাইনে বিদ্যুৎ ব্যবহারের ঘটনা আবার বেড়েছে বলে জানা গেছে। গত বছরের ১৭ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল ‘অবৈধ সংযোগে ৪০০ টাকায় যত খুশি বিদ্যুৎ ব্যবহার’ শিরোনামের প্রতিবেদন। এরপর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু এর জন্য কারও শাস্তি হয়নি। জরিমানা বা অন্য কোনো শাস্তি না হওয়ায় অবৈধ সংযোগ নেওয়ার প্রবণতা আবার বাড়ছে বলে এলাকায় গিয়ে জানা যায়।
এলাকায় গেলে শাঁখারীবাজারের কয়েকজন বাসিন্দা বলেন, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর বিদ্যুৎ বিভাগের লোকজন এসে এলাকায় ২৫টির মতো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অবৈধ সংযোগের সুযোগ নেওয়া গ্রাহকদের সতর্কও করে দেওয়া হয়। কোনো কোনো গ্রাহক তাঁদের বলেন, বিদ্যুতের (ডিপিডিসি) লোকদের সাহায্যেই সেখানে অবৈধ সংযোগ হয়। ওই সময়ে কিছু বৈধ গ্রাহক অবৈধ সংযোগ প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেন। কিন্তু এরপর ডিপিডিসির আর কোনো দল অভিযানে আসেনি। গ্রাহকেরা বলেন, বিদ্যুতের মিটার বন্ধ করার পরও বাতি জ্বলছে কি না, তা পরীক্ষা করলেও অবৈধ সংযোগ শনাক্ত করা সম্ভব। পানিটোলা, ঝুলনবাড়ী এলাকায় গত ডিসেম্বরে ১০টির মতো দোকানে অবৈধ বিদ্যুৎ-সংযোগ নেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। গতকাল এসব দোকানের প্রতিনিধিরা দাবি করেছেন, তাঁরা নতুন করে আর অবৈধ সংযোগ নেননি। তাঁরাও স্বীকার করেন, এলাকায় ডিপিডিসির আর কোনো অভিযান হয়নি।