বিদ্যুৎ নেই, পড়ে আছে ১৮ কোটি টাকার ভবন
বিদ্যুতের সংযোগ না পাওয়ায় ১৮ কোটি টাকায় নির্মিত নাটোরের নবনির্মিত জেলা কারাগারটি পড়ে আছে। কাজ শুরুর প্রায় ১৫ বছর পর গত জানুয়ারিতে ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে। অথচ ৯৪ জনের বিপরীতে সাড়ে সাত শ কয়েদি পুরোনো কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন।নাটোরের গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯৬-৯৭ অর্থবছরে নাটোর পুলিশ লাইন্সের সামনে জেলা কারাগারের কাজ শুরু হয়। বরাদ্দ-স্বল্পতার কারণে কাজ শেষ হতে সময় লেগে যায় ১৫ বছর। সাড়ে সাত একর জমির ওপর ১৮ কোটি টাকা ব্যয়ে গত জানুয়ারিতে কারাগারটির কাজ শেষ হয়। স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুতের সংযোগ না দেওয়ায় কারাগারটি হস্তান্তর করা যাচ্ছে না বলে দাবি করেছেন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।নাটোরের গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) আবদুল আজিজ বলেন, কারাগার নির্মাণের সব কাজ শেষ করার পর নাটোরের পল্লীবিদ্যুৎ সমিতির কাছে সংযোগের আবেদন করা হয়। এ জন্য ছয় লাখ ৬৩ হাজার টাকা জমা দেওয়া হয়। এ সময় বিদ্যুৎ কর্তৃপক্ষ কারাগারে বিদ্যুতের মোট চাহিদার ১০ শতাংশ সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর শর্তারোপ করে। এতে খরচ পড়বে ২২-২৩ লাখ টাকা। এই টাকার বরাদ্দ না থাকায় সৌর প্যানেল বসানো হয়নি, মেলেনি বিদ্যুতের সংযোগও। তাই নতুন কারাগার পড়ে আছে।নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ (সদর)-এর সহকারী মহাব্যবস্থাপক (সেবা) মো. আসাদুজ্জামান বলেন, মন্ত্রণালয় থেকে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে তাঁদের কিছু করার নেই।এ অবস্থায় গণপূর্ত বিভাগ থেকে সৌর প্যানেল স্থাপনের জন্য নতুন করে অর্থ বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সাড়া মেলেনি। অর্থ বরাদ্দ করা হলে দরপত্র আহ্বান করা হবে। পরে ঠিকাদার নিয়োগের মাধ্যমে সৌর প্যানেল স্থাপন করতে আরও বহু সময়ের দরকার।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জেলার পুরোনো কারাগারে ৯৪ জনের জায়গায় বর্তমানে সাত শতাধিক কয়েদি রয়েছে। তাঁদের অনেকেই রাতে ঘুমানোর জায়গা পান না। কেউ কেউ শৌচাগারে সারা রাত দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। অত্যধিক গরমের কারণে কয়েদিরা ছোটাছুটি করতে থাকেন।৯ মে মুক্তি পাওয়া বন্দী মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জায়গার অভাবে আমি সাত রাত ঘুমাতে পারিনি। লোকের চাপে জেলখানার ভেতর নিঃশ্বাস নেওয়া মুশকিল। কারেন্ট না থাকলে অবস্থা আরও খারাপ হয়। সবাই সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন।’ মুক্তি পাওয়া অন্য আসামি বেল্লাল হোসেন বলেন, ‘জেলখানায় আসামিরা গরু-ছাগলের থ্যাকিও খারাপ অবস্থায় আছে। রাতে একজনের ওপর আরেকজন শুয়ে থাকে। সকালবেলা প্রস্রাব-পায়খানার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়ায়ে থাকতে হয়। অনেকে চিৎকার, কান্নাকাটি করে।’নাটোরের কারাধ্যক্ষ শওকত আলী বলেন, ‘প্রায় ৯৪ জন কয়েদি ধারণক্ষমতার দেড় শ বছরের পুরোনো এই কারাগারে সাত শতাধিক কয়েদি থাকলে প্রয়োজনমতো তাদের সুযোগ-সুবিধা দেওয়া অসম্ভব। নতুন কারাগার উন্মুক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চলছে।’