বিদ্যুৎ নেই, সেচ বন্ধ, পুড়ছে উঠতি বোরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলার ২১টি ইউনিয়নে ১১ দিন ধরে বিদ্যুৎ নেই। রংপুরের কাউনিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গ্রিড স্টেশনের ৩৩ কেভি ফিডারের ব্রেকার পুড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিকল্প পদ্ধতিতে সামান্য বিদ্যুতের সরবরাহ করা হলেও তা দিয়ে সেচের চাহিদা মিটছে না। পানির অভাবে উঠতি বোরো ধানের গাছ শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে দুই উপজেলার কয়েক লাখ কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।পল্লী বিদ্যুৎ সমিতি সুন্দরগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর (শঠিবাড়ি) আওতায় জেলার কাউনিয়া, পীরগাছা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি এবং সাদুল্যাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত ৩১ মার্চ গ্রিড স্টেশনের ব্রেকার পুড়ে যায়। তখন থেকে বিকল্প পদ্ধতিতে এ চার উপজেলায় আট মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যা দিয়ে সেচের চাহিদা মেটানো যাচ্ছে না। অথচ এসব উপজেলায় ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো।সুন্দরগঞ্জ উপজেলার রামদেব গ্রামের কৃষক আবদুল কাইয়ুম (৪৫) বলেন, ‘বিদ্যুচ্চালিত সেচপাম্পের আওতায় এবার ১০ বিঘা জমিতে বোরোর চাষ করেছি। বর্তমানে জমিতে ধানের শিষ বের হচ্ছে। কিন্তু ১০ দিন ধরে ২৪ ঘণ্টায় এক থেকে দুই ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। পানির অভাবে ধানের গাছ শুকিয়ে যাচ্ছে।’ সাদুল্যাপুর উপজেলার রসুলপুর গ্রামের কৃষক মোজাম্মেল হক (৪২) বলেন, এ সময় ধানগাছের গোড়ায় পানি না থাকলে ধানে চিটা বেশি হবে। সামান্য পানি দেওয়া হলেও চৈত্রের তাপদাহে তা শুকিয়ে যাচ্ছে। জেলা সেচ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক চান মিয়া বলেন, ‘প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বারবার তাগদা দেওয়া হচ্ছে। কিন্তু তারা পিডিবির দোহাই দিচ্ছে। পিডিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু রংপুর পিডিবি কর্তৃপক্ষ ব্রেকার সংস্কারের নামে নানা টালবাহানা করছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’এদিকে প্রয়োজনীয় বিদ্যুৎ না পাওয়ায় সুন্দরগঞ্জসহ অন্যান্য উপজেলার হিমাগার মালিকেরাও পড়েছেন বিপাকে। তাঁরা প্রতিদিন ডিজেল কিনতে হিমশিম খাচ্ছেন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সুন্দরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ব্রেকার মেরামতের দায়িত্ব পিডিবির। কিন্তু পিডিবি ব্রেকার সংযোগে বিলম্ব করছে। তাই পল্লী বিদ্যুৎ সমিতি নতুন ব্রেকার সংযোগের উদ্যোগ নেয়। তার পরও প্রশাসনিক জটিলতার কারণে গ্রিড স্টেশনে ব্রেকার সংযোগ দেওয়া যাচ্ছে না।