দেশে বিদ্যুতের উৎপাদনক্ষমতা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বড় যে বিদ্যুৎকেন্দ্রগুলো মেরামত, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সমস্যার কারণে বন্ধ হয়েছিল, সেগুলো সব চালু হয়েছে। সার কারখানা বন্ধ করে বিদ্যুৎকেন্দ্রে বেশি গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। এরপরও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যেই আজ রোববার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, অস্থায়ী ও স্বল্প মেয়াদে বন্ধ থাকা সব কেন্দ্র চালু হওয়ায় গতকাল শনিবার বিদ্যুতের উৎপাদনক্ষমতা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৫ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের জন্য জ্বালানির সংস্থানসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উৎপাদনক্ষমতার বিপরীতে পিডিবি গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা নির্ধারণ করে ৯ হাজার ৮০০ মেগাওয়াট। গতকাল রাত ৯টায় বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল ৯ হাজার ৩৫৬ মেগাওয়াট।
বিদ্যুতের উৎপাদনক্ষমতা ও চাহিদার এই হিসাব অনুযায়ী গতকাল দেশে কোনো লোডশেডিং হওয়ার কথা নয়। কিন্তু ঢাকাসহ অনেক স্থানেই তা হয়েছে। রমজানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অস্বস্তিটা সেখানেই।
দেশের কয়েকটি স্থান থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, গতকাল সেই সব এলাকায় যথেষ্ট লোডশেডিং ছিল। টেকনাফে গতকাল ১৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে সর্বোচ্চ ৫ মেগাওয়াট। বরগুনা, ঝালকাঠি, খাগড়াছড়ি, পাবনা, রংপুর এলাকায়ও গতকাল দফায় দফায় লোডশেডিং হয়েছে। আজ রমজানের শুরুর দিন থেকেই এই পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে বলে অনেকেই বিশ্বাস করতে পারছেন না।
অবশ্য বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়টি কঠোরভাবে পরীবিক্ষণ করার উদ্যোগ নিয়েছে, যাতে ইফতার, তারাবি ও সাহ্রির সময় লোডশেডিং না হয়। অনিবার্য কারণে এই সময়ে কোথাও লোডশেডিং করতে হলে তা আগেই জানিয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু লোডশেডিংয়ের প্রকোপ ঢাকার বাইরে, বিশেষ করে গ্রামাঞ্চলেই বেশি, সেহেতু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন কয়েক দিন আগেই রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
কয়েকজন মহাব্যবস্থাপক প্রথম আলোকে বলেছেন, যতটা বিদ্যুৎ পাওয়া যাবে, তার সর্বোত্তম সুষম বণ্টন নিশ্চিত করা হবে। ইফতারি, তারাবিহর নামাজ ও সাহ্রির সময় লোডশেডিং সীমিত ও সহনীয় পর্যায়ে রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম তাঁরা চালিয়ে যাচ্ছেন। তবে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম হলে লোডশেডিং ছাড়া তাঁদের কিছুই করার থাকবে না।