বিদ্যুৎ পরিস্থিতি বড়ই নাজুক, আরেকটি চুক্তি
গত কয়েকদিন ধরে দেশের বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়েছে। শহর-নগরে ছয় থেকে আটবার করে লোডশেডিং হচ্ছে। এর মধ্যে শহর-নগরের মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগে ফেলছে গভীর রাতের লোডশেডিং। এই লোডশেডিংয়ের জুতসই কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, বেসরকারি খাতের হরিপুর ৩৬০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট মেরামত-সংরক্ষণে থাকায় কয়েক দিন ধরে বিদ্যুৎ উৎপাদন তিন হাজার ৮০০ মেগাওয়াটে নেমেছে। গ্যাসের অভাবের জন্যও বিদ্যুতের উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে গভীর রাতে গ্যাসের সরবরাহ বেশি পাওয়ায় বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হচ্ছে চার হাজার ১০০ মেগাওয়াট পর্যন্ত। এ অবস্থায় রাত দুইটা, তিনটা ও চারটায় লোডশেডিং হওয়ার কথা নয়। কিন্তু হচ্ছে। ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, শেখেরটেক, শংকর, বাসাবো, শনির আখড়া, কুড়িলসহ অনেক এলাকা থেকে গভীর রাতের লোডশেডিংয়ের দুর্ভোগের কথা জানাতে প্রথম আলোর কার্যালয়ে টেলিফোন করা হয়। আরেকটি চুক্তি: ১০০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মতিঝিলের ওয়াপদা ভবনে পিডিবি ও পাওয়ারপ্যাকের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই কেন্দ্রটি স্থাপিত হবে ঢাকার কেরানীগঞ্জে। ফার্নেস তেলচালিত এই কেন্দ্রটি স্থাপনের জন্য নির্ধারিত সময় হচ্ছে ২৭০ দিন। পিডিবির সচিব আজিজুল ইসলাম ও পাওয়ারপ্যাকের চেয়ারম্যান রিকহক সিকদার নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।