বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। তার টানানো হয়েছে। মিটারও লাগানো হয়েছে। কিন্তু বিদ্যুৎ-সংযোগ নেই। এ অবস্থা যশোরের কেশবপুর উপজেলার তিনটি গ্রামের। এর ফলে ৩২৫ জন গ্রাহক ছয় মাস ধরে ভোগান্তিতে রয়েছেন।
ওই তিনটি গ্রাম হলো গড়ভাঙ্গা, বেলোকাটি ও মাদারডাঙ্গা। গত আগস্টে এসব গ্রামে মিটার-সংযোগ দেওয়া হয়। রাজনৈতিক কারণে এখনো তাঁদের বিদ্যুৎ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, ‘বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সব কাজ শেষ। মন্ত্রী মহোদয় সময় দিলেই সংযোগ দেওয়া হবে। রাজনৈতিক বিষয়ে আমার কিছু জানা নেই।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গ্রামগুলোর বাড়িতে বাড়িতে বৈদ্যুতিক মিটার। অনেক বাড়িতে বৈদ্যুতিক বাতি ও পাখাও লাগানো হয়েছে। বিদ্যুতের সংযোগ দিলেই তাঁরা এগুলো ব্যবহার করতে পারবেন।
গড়ভাঙ্গা গ্রামের আবদুল মজিদ বলেন, ‘আমাদের এলাকায় বেশির ভাগ লোক বিএনপি করে এবং অনেকে নাশকতা মামলার আসামি। তাই আমরা বিদ্যুৎ পাচ্ছি না বলে শুনেছি।’ গৃহবধূ মাজেদা বেগম বলেন, ‘যদি নাশকতা মামলার কারণে বিদ্যুৎ না পাই, তাহলে ট্রান্সফরমার লাগানো হলো কেন?’
মাদারডাঙ্গা গ্রামের বাসিন্দা ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম বলেন, ‘বিদ্যুৎ অফিসে গেলে বলা হয়, মন্ত্রী উদ্বোধন করলেই বিদ্যুৎ দেওয়া হবে। প্রায়ই শুনি মন্ত্রীর কর্মসূচি হবে। কিন্তু তা আর হচ্ছে না।’
বেলোকাটি গ্রামের রহমত উল্লাহ বলেন, ‘মিটার-সংযোগ পাওয়ার পরে শুনলাম বিএনপি করার কারণে বিদ্যুৎ পাচ্ছি না। তাই চার মাস আগে এলাকার লোকজন আওয়ামী লীগে যোগ দিয়েছি। তার পরও বিদ্যুৎ পাইনি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল বাহার বলেন, ‘গ্রামের বিদ্যুতের ব্যাপারে মন্ত্রীর কাছে গিয়েছি। তিনি বলেছেন, আপনারা উন্নয়ন চান না, আপনাদের বিদ্যুৎ সবার পরে হবে।’ গড়ভাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বলেন, রাজনৈতিক সমস্যা থাকলেও বৃহত্তর স্বার্থে বিদ্যুৎ দেওয়া উচিত।
কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, ‘আমি কেশবপুরে গেলেই বিদ্যুৎ দেওয়া হবে। নাশকতা মামলার আসামির কারণে বিদ্যুৎ না দেওয়ার খবর ভিত্তিহীন।’