>

*শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। রাস্তাঘাটে জনকোলাহল নেই *আজ সোমবারের সমাবেশ ঘিরে কিছু শ্রমিক সক্রিয় ছিলেন
সড়কের এখানে-ওখানে অলস পড়ে আছে চামড়া পরিবহনের ঠেলাগাড়িগুলো। গ্যাস ও বিদ্যুতের সংযোগহীন অধিকাংশ ট্যানারির মূল ফটক বন্ধ। ছোট ফটক দিয়ে ভেতরে তাকালে চোখে পড়ে একরাশ অন্ধকার। তার মধ্যে অলস পড়ে থাকা যন্ত্রগুলোর আবছা ঝিলিক আগের কর্মচাঞ্চল্যকে মনে করিয়ে দেয়।
কোলাহল, কর্মচাঞ্চল্যহীন কারখানাগুলো বাদ দিলে ট্যানারি এলাকার বাকি অংশও যেন নিথর। শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। রাস্তাঘাটে আগের মতো জনকোলাহল নেই। আজ সোমবারের সমাবেশ ঘিরে কিছু শ্রমিক সক্রিয় ছিলেন। বন্ধ হওয়ার দ্বিতীয় দিনে গতকাল রোববার এই ছিল ৬৬ বছরের পুরোনো ট্যানারি এলাকার চিত্র।
গত শনিবার উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদপ্তর হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎ-পানিসহ সব ধরনের সেবা
সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
তবে ট্যানারিশিল্পের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের বাইরে স্থানীয় বাসিন্দাদের অনেকে ট্যানারি স্থানান্তরের নির্দেশ বাস্তবায়নে স্বস্তি প্রকাশ করেছেন। ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিপরীত পাশের একটি ভবনে বসবাসরত ব্যবসায়ী মোজাম্মেল হোসেন বলেন, ‘এ রকম একটা ঘনবসতিপূর্ণ জায়গা থেকে এ ধরনের শিল্প অনেক আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। দুর্গন্ধে টেকা যেত না। আশা করি এখন পরিস্থিতির উন্নতি হবে।’
এলাকার আরেক বাসিন্দা শিবু কুমার শীল বলেন, শিশুদের নিয়ে এই এলাকার ভেতর দিয়ে চলাচল করা খুব কষ্টকর একটা ব্যাপার ছিল। আত্মীয়স্বজনকেও বাড়িতে আসতে বলতে অস্বস্তি হতো। এখন নিশ্চয়ই জায়গাটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে।
এদিকে মালিকদের নির্দেশ মেনে গতকাল সকালে সবগুলো ট্যানারির ফটকে হাজির হন শ্রমিকেরা। সেখানে তাঁদের আজকের সমাবেশ সফল করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এরপর শ্রমিকদের অধিকাংশ ঘরে ফিরে যান। তবে শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা ছিলেন ব্যস্ত। ঢাকা ট্যানারি মোড়ে টানানো হয়েছে শামিয়ানা। পাশাপাশি চলে মাইকিং ও জনসংযোগ।
দুপুর ১২টার দিকে হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড় থেকে শেরেবাংলা রোড ধরে একটু সামনে এগিয়ে গজমহল এলাকায় গিয়ে দেখা গেল, সারিবদ্ধ চায়ের দোকানগুলো প্রায় ক্রেতাশূন্য। অন্য দোকানগুলোরও একই অবস্থা। মনেশ্বর রোড কিংবা সনাতনগড় এলাকার ট্যানারিগুলোতে একমাত্র নিরাপত্তা প্রহরী ছাড়া আর কাউকে চোখে পড়েনি। কেবল গজমহলের ৩০ ফুট সড়কের ওপরে কয়েকটি জায়গায় শ্রমিকদের একটা জটলা দেখা গেল। তাঁদের আলোচনায় কান পেতে যা শোনা গেল তা হলো গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা। তাঁদের কাছ থেকে জানা গেল, এই এলাকার অনেক শ্রমিক নিজ নিজ কারখানার ওপরেই সপরিবার কিংবা মেস করে বসবাস করেন। শনিবার সব ধরনের সেবা সংযোগ বিচ্ছিন্ন করায় তাঁদের বসবাসে চরম সমস্যা তৈরি হয়েছে। কারখানার সঙ্গে গোটা ভবনের সংযোগ বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
এমনই একটি ট্যানারি হচ্ছে মিজান অ্যান্ড সুমন ট্যানারি। এর পাঁচতলা ভবনের ওপরের চারটি তলায় শতাধিক পরিবারের বাস। কক্ষগুলো ১০ ফুট বাই ১০ ফুট। ভবনের ভেতরে আলো-বাতাস চলাচল নেই বললেই চলে। ভবনটিতে মিজান অ্যান্ড সুমন ট্যানারি ছাড়াও কয়েকটি ট্যানারির শ্রমিকেরা বাস করেন। এই পরিস্থিতিতে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তাঁদের নাওয়া-খাওয়া-ঘুম এমনকি শৌচকর্মও প্রায় বন্ধ।
ভবনের সামনে দাঁড়িয়ে জীবন হোসেন নামের একজন শ্রমিক বললেন, ‘কাইল থেইক্যা ঘরে রান্না চড়ে নাই। হোটেল থেইক্যা খাওয়া আনসি। রাইতে গরমের মধ্যে ঘুম আসে না। রাস্তায় ঘুরছি। সব থেইক্যা সমস্যা মহিলা আর পোলাপাইনের। হেরা তো চাইলেই বাইরে বাইর হইতে পারে না।’
প্রায় একই রকম অভিজ্ঞতার কথা বললেন মিতালী ট্যানারির আবদুল করিম, এশিয়ান লেদারের মাহবুব রহমান, মমতাজ ট্যানারির নাজমুল হকসহ আরও অনেকে। তাঁদের কাছ থেকে জানা গেল, মিজান অ্যান্ড সুমন ট্যানারির মতো এসএনএস, ইউসুফ, স্বাধীন, রয়েল, আনোয়ার, প্রগতি, মিতালী, হেলাল, লুনা, লাকি ট্যানারিসহ আরও কয়েকটি ট্যানারির ওপরে বসবাসরত বাসিন্দাদেরও একই অবস্থা।
এই পরিস্থিতিতে শ্রমিকেরা বসবাস করেন এমন ট্যানারি ভবনগুলোতে অন্তত বাতি জ্বালানো ও বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুতের স্বল্প ক্ষমতার সংযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।
বিষয়টির সঙ্গে সহমত পোষণ করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত উল্লাহ প্রথম আলোকে বলেন, ট্যানারি ভবনে বসবাসরত শ্রমিকদের জন্য স্বল্প পরিসরে বিদ্যুতের সংযোগ দেওয়াটা জরুরি। এ ছাড়া প্রতিটি ট্যানারিতে প্রচুর চামড়া ও যন্ত্রপাতি রয়েছে। এগুলোর নিরাপত্তার জন্যও বিদ্যুৎ প্রয়োজন।
বিদ্যুৎ সংযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না।’
তবে গতকাল সর্বোচ্চ আদালতের এক নির্দেশনায় বলা হয়, যদি মালিকেরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ট্যানারি ছাড়া অন্য কিছু করতে চান, তাহলেই কেবল বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপন করা যেতে পারে।