বিদ্যুৎ প্রকল্প বাতিল করে ইপিজেড গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করে ইপিজেডসহ শিল্পকারখানা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির সমাবেশে কমিটির আহ্বায়ক লিয়াকত আলী এই আহ্বান জানান।

সমাবেশে লিয়াকত আলী বলেন, ‘আমি একটি রাজনৈতিক দলের কর্মী। কিন্তু এটি কোনো দলের আন্দোলন নয়; জনগণের আন্দোলন। বাঁশখালীর গণ্ডামারায় পরিবেশবিধ্বংসী কোনো প্রকল্প জনগণ হতে দেবে না। আপনি (প্রধানমন্ত্রী) জনগণের পক্ষে অবস্থান নেবেন। কোনো রাঘববোয়ালের পক্ষ নেবেন না। গণ্ডামারাবাসী দেশের উন্নয়নের বিপক্ষে নয়। তাই এখানে বিদ্যুৎ প্রকল্প বাতিল করে ইপিজেডসহ শিল্পকারখানা স্থাপন করুন।’

বিদ্যুৎ প্রকল্পটির উদ্যোক্তা এস আলম গ্রুপকে উদ্দেশ করে লিয়াকত বলেন, ‘এস আলম প্রকল্পটি বাতিল করে গণ্ডামারায় যদি অন্য কোনো কারখানা করে, তাহলে এলাকার লোকজন দুই মাস কোনো টাকা ছাড়া কাজ করে দেবে।’

লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য হাসান মারুফ রুমী, মাহবুব সুমন এবং স্থানীয় বাসিন্দা মো. জাকারিয়া, হেলাল উদ্দিন সিকদার ও শফকত হোসেন।

কয়লাবিদ্যুৎ প্রকল্প স্থাপন নিয়ে ৪ এপ্রিল বাঁশখালীতে সংঘর্ষে চার ব্যক্তি নিহত হন। এই ঘটনার প্রেক্ষাপটে গড়ে ওঠা গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন নামের সংগঠনেরকোনো নেতা গতকালের সমাবেশে উপস্থিত ছিলেন না।

লিয়াকত আলী গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘গণ্ডামারাবাসী কী চান, তার সঠিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে গেলে ৪ এপ্রিল চারজন লোক নিহত হতেন না। আপনারা প্রধানমন্ত্রীর দপ্তরে সঠিক প্রতিবেদন পাঠান।’ তিনি বলেন, গণ্ডামারায় বিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধ থাকলে আন্দোলনও বন্ধ থাকবে। কাজ শুরু করলে কঠোর কর্মসূচি আসবে। তবে এলাকায় প্রকল্পটি বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ অব্যাহত থাকবে। আগামী ১৫ মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।