বিদ্যুৎ প্রকল্পের কাজে ফিরতে বিদেশিদের সরকারের চিঠি
নিরাপত্তার অজুহাতে তিনটি নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্প থেকে প্রত্যাহার করা ৪১ জন বিদেশি নাগরিককে অবিলম্বে কাজে ফিরে যাওয়ার জন্য চিঠি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, কাজে যোগ না দিলে তা চুক্তি ভঙ্গের শামিল হবে। নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আইসোল্যাক্স নামের স্পেনের একটি কোম্পানি সরকারি খাতের ওই তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। ৫ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) লেখা এক চিঠিতে কোম্পানিটি নিরাপত্তার কারণ দেখিয়ে প্রকল্প তিনটি থেকে তাদের বিদেশি কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। এর মধ্যে স্পেনের নাগরিক ২১ জন। অন্যরা আর্জেন্টিনা, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের।
বিদ্যুৎ মন্ত্রণালয় ও প্রকল্পগুলোর শীর্ষ কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত আইসোল্যাক্সের কোনো কর্মী প্রকল্পের কাজে ফিরে যাননি। এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকারের পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আইসোল্যাক্সকে চিঠি দিয়েছে। তাতে বিদেশিদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে।
বিপিডিবি সূত্র জানায়, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় লেখা তাদের চিঠিতে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নে বিপিডিবির সঙ্গে আইসোল্যাক্সের যে চুক্তি রয়েছে, প্রকল্প থেকে কর্মী প্রত্যাহার তার পরিপন্থী। চুক্তির কোন অনুচ্ছেদ অনুযায়ী তড়িঘড়ি কর্মী প্রত্যাহার করা হলো, তা জানতে চেয়ে চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে প্রকল্পের কাজে যোগ না দিলে তা চুক্তি ভঙ্গের শামিল হবে। সরকার সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, প্রত্যাহার করা বিদেশি নাগরিকদের মধ্যে ৩৮ জন নিয়োজিত ছিলেন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে। দুজন কর্মরত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ৩৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-১ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজে। আরও একজন কর্মরত ছিলেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনা ১৫০ মেগাওয়াট কেন্দ্রে। তিনটিই সরকারি মালিকানাধীন কোম্পানি।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, বাংলাদেশে আইসোল্যাক্সের প্রকল্প পরিচালক গার্সিয়া ৫ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যান বরাবর একটি চিঠি লেখেন। তাতে বলা হয়, সম্প্রতি ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে। এ দেশে কর্মরত বিদেশিদের ওপর আরও আক্রমণের হুমকি দিয়েছে। এতে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা উদ্বিগ্ন। ওই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস বিশেষ সতর্কতা জারি করে এবং কিছু নির্দেশনা দেয়। সে অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইসোল্যাক্স এ দেশে তাদের সব প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাঁরা আবার কাজে ফিরে আসবেন।
মন্ত্রণালয় সূত্র বলেছে, দেশের সবগুলো বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই) হিসেবে বিবেচিত। নির্মাণাধীন এই তিনটি প্রকল্প এলাকাও একই রকম নিরাপত্তার আওতাধীন। কাজেই সেখানে কারও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ কখনো ছিল না। তারপরও আইসোল্যাক্সের কর্মীদের প্রত্যাহার করে নেওয়া দুঃখজনক।
ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আইসোল্যাক্সের কর্মীরা চলে যাওয়ায় তাঁর কোম্পানির বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির অন্যতম পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তাঁদের বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে কোনো অসুবিধা হচ্ছে না। বিবিয়ানায় বিপিডিবির কেন্দ্রটি নির্মাণের জন্য বর্তমানে মাটি ভরাটের কাজ হচ্ছে। ওই কাজেও কোনো সমস্যা হচ্ছে না।