বিদ্যুৎ প্রকৌশলীর মাথা ফাটালেন লতিফ সিদ্দিকী
গত ফেব্রুয়ারিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে বাথরুমে আটকে লাঞ্ছিত করেছিলেন একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে। এবার নিজের বাড়িতে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠালেন বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলীকে। চিকিৎসক ও প্রকৌশলীকে লাঞ্ছিত করা এই ব্যক্তি হলেন আব্দুল লতিফ সিদ্দিকী।
ক্ষমতাসীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর হাতে কালিহাতী বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী পূর্ণচন্দ্র পালের লাঞ্ছিত হওয়ার ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনায় এখন তীব্র অসন্তোষ বিরাজ করছে টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, লতিফ সিদ্দিকী ওই দিন সন্ধ্যায় কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তাঁর কালিহাতীর বাসভবনে ডেকে পাঠান। কিন্তু নির্বাহী প্রকৌশলী এলাকার বাইরে থাকায় তিনি প্রকৌশলী পূর্ণচন্দ্র পালকে মন্ত্রীর বাসায় যেতে বলেন। পূর্ণচন্দ্র পাল জানান, নির্বাহী প্রকৌশলীর কথামতো তিনি দুজন লাইনম্যানকে সঙ্গে নিয়ে ওই বাসায় যান। এ সময় মন্ত্রী তাঁর কাছে ইছাপুর ১১ কেভি ও কামার্থি ফিডারের বিদ্যুৎ লোডশেডিং এবং ট্রান্সফরমার বরাদ্দ বিষয়ে জানতে চান। এ ব্যাপারে জবাব দেওয়ার সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন লতিফ সিদ্দিকী। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে তাঁকে পেটান। পিটুনিতে পেটে আঘাত পান এবং মাথা ফেটে রক্ত ঝরা শুরু করে ওই প্রকৌশলীর। পরে লাইনম্যান দুজন ও উপস্থিত আরেকজন তাঁকে নিয়ে কালিহাতী হাসপাতালে যান। একই দিন রাত আটটার দিকে মন্ত্রী লোক পাঠিয়ে পূর্ণচন্দ্রকে আবার তাঁর বাসায় যেতে বলেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেলে মন্ত্রী তাঁর কাছে দুঃখ প্রকাশ করেন।
প্রকৌশলীকে পিটিয়ে আহত করার সময় কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, কালিহাতীর পৌর মেয়র আনছার আলী ছাড়াও ২০-২৫ জন দলীয় নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রী হঠাৎ ক্ষিপ্ত হয়ে গালাগাল করতে করতে প্রকৌশলীকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় সবাই হতবাক হয়ে যান। এ ছাড়া ঘটনার পর মন্ত্রী কালিহাতীর দুই বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে মারধরের বিষয়টি চেপে যেতে পূর্ণচন্দ্রকে অনুরোধ করেন।
গতকাল শনিবার সকালে পূর্ণচন্দ্র লিখিতভাবে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিপ্রকৌস) নেতাদের কাছে লাঞ্ছিত হওয়ার বিষয়টি প্রকাশ করেন। পরে সমিতির টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি) শাখার উদ্যোগে বিউবির রেস্টহাউসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রকৌশলীকে মারধরের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ার পর অসন্তোষ প্রশমনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রহিজ উদ্দিন সরকার গতকাল টাঙ্গাইল আসেন। পরে তিনি পূর্ণচন্দ্র পাল ও অন্য প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন।
এ ব্যাপারে গতকাল রাতে মন্ত্রী লতিফ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।