বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচিতে হামলার প্রতিবাদে সমাবেশ
ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে হামলার প্রতিবাদে ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। একই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে ২৮ জুলাই ঢাকায় মিছিলে পুলিশের হামলার তীব্র নিন্দা জানানো হয়।
রফিউর রাব্বি বলেন, সারা দেশের মানুষের দৃষ্টি যখন জঙ্গিদের তৎপরতার দিকে, তখন সরকার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মূল অবকাঠামো নির্মাণ চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। গণবিরোধী এ চুক্তি বাতিলের দাবিতে ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলসহকারে যাত্রাকালে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বরোচিত হামলা চালায়। তারা মিছিলের কর্মীদের ওপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও শটগান দিয়ে গুলি ছোড়ে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের বাইরের শক্তিকে খুশি রাখতে জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তি করে চলেছে। এসবের বিরুদ্ধে হওয়া প্রতিবাদকে দমানোর জন্য পুলিশি হামলা ও নির্যাতনের পথ বেছে নেওয়া হয়েছে। জনগণের বিরুদ্ধ স্টিম রোলার চালিয়ে কোনো স্বৈরশাসকেরই শেষরক্ষা হয়নি।
রফিউর রাব্বি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে এ প্রকল্প সুন্দরবন ধ্বংসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের অপূরণীয় ক্ষতি করবে। তারপরও সরকার সব জনমত ও বিশেষজ্ঞ মত উপেক্ষা করে বাংলাদেশের জন্য মহাবিপদ ডেকে আনছে। তিনি এ চুক্তি বাতিল করে সুন্দরবনবিনাশী কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির জেলা সংগঠক দুলাল সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, শহর সমন্বয়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ।
এদিকে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিশ্ববিদ্যালয় শাখা। সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল ও ২৮ জুলাই সংগঠনের জাতীয় কমিটির মিছিলে হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল হয়।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ নেতা-কর্মীরা বক্তব্য দেন।
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত বলেন, ‘প্রকৃতি ধ্বংস করে আমরা উন্নয়ন চাই না। জনগণের দাবি মেনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল করতে হবে।’