বিদ্যুৎ বন্ধ রেখে সংস্কার, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বিদ্যুৎ গ্রাহকেরা নির্ধারিত বিদ্যুৎ বন্ধের (শাটডাউন) কবলে পড়েছেন। বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারের জন্য ১০ মাস ধরে প্রায় প্রতি সপ্তাহে তিন-চার দিন ঘোষণা দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় গ্রাহকেরা নাকাল হচ্ছেন।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর জোনাল কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুরে ২০ হাজার গ্রাহক রয়েছেন। এই গ্রাহকদের যশোর চাচাড়া গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। চাচাড়া থেকে কেশবপুর পর্যন্ত ৩৫ কিলোমিটার ৩৩ কেভি মূল বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ও খুঁটি পরিবর্তনের জন্য গত বছরের সেপ্টেম্বর থেকে প্রায় শুক্রবার ও সপ্তাহের তিন থেকে চার দিন মাইকে ঘোষণা দিয়ে বিদ্যুৎ বন্ধ রেখে সংস্কারের কাজ চলছে।
প্রায় দিন সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের অসন্তোষ চরমে উঠেছে।
কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেদিন বিদ্যুৎ বন্ধ থাকে, সেদিন গরমে কষ্টে ক্লাসে বসতে চায় না। সামনে অর্ধবার্ষিক পরীক্ষা৷ এখন এভাবে বিদ্যুৎ বন্ধ থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে।’
শাহানাজ পারভীন নামে এক গৃহিণী জানান, যেদিন বিদ্যুৎ বন্ধ থাকে, সেদিন রাত চারটায় উঠে রান্না করতে হয়। আবদুল হামিদ নামের একজন ব্যবসায়ী বলেন, ‘বিদ্যুৎ বন্ধের মাইক প্রচার শুনলেই আমরা আতঙ্কে থাকি।’
বিদ্যুৎ সঞ্চালন তার ও খুঁটি পরিবর্তনের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের পরিচালক সন্তোষ কুমার দাস জানান, এই লাইনের কাজ ২৫ ভাগ শেষ হযেছে৷
আগামী বছরের ফেব্রুয়রি মাস পর্যন্ত কাজ শেষ করার সময় আছে। তিনি বলেন, ‘বিদ্যুৎ বিভাগ আমাদের চাহিদামতো বিদ্যুৎ বন্ধ রাখতে পারে না, তাই আমরা এই কাজ দ্রুত করতে পারছি না।’
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) সালাউদ্দীন আল বিতার জানান, এই সঞ্চালন লাইনের বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা ১৮ মেগাওয়াট কিন্ত এখন চাহিদা ২২ মেগাওয়াট৷
৩৫ বছর আগের এই তার প্রায় ঝড়ে ছিঁড়ে যায়। এই লাইনটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই এর পরিবর্তন জরুরি। ভালো সেবা পেতে হলে গ্রাহকদের কিছুটা কষ্ট পেতে হবে বলে তিনি মন্তব্য করেন৷