বিদ্যুৎ-বিচ্ছিন্ন দুর্ভোগে চিকিৎসক ও রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর ট্রমা সেন্টারের বিদ্যুতের সংযোগ ১৩ দিন ধরে বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন চিকিৎসক ও রোগীরা। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুৎ কার্যালয় ওই সেন্টারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কুমিল্লা পল্লী বিদ্যুৎ-১-এর কার্যালয় জানায়, বিদ্যুৎ বিল পাঁচ লাখ তিন হাজার ২৬৫ টাকা বকেয়া থাকায় ২২ ফেব্রুয়ারি ট্রমা সেন্টারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত ওই টাকা বকেয়া পড়ে। ওই কার্যালয়ের দাউদকান্দির উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর ২০১১ সালের ১ জুন, ২০ জুন, ৩ ডিসেম্বর, ২০১২ সালের ১২ মার্চ, ৪ জুন, ২০ সেপ্টেম্বর, ২০১৩ সালের ১ জানুয়ারি এবং সর্বশেষ ৫ ফেব্রুয়ারি মোট আটবার চিঠি দেওয়া হয়। এর পরও বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ট্রমা সেন্টারের ফার্মাসিস্ট আয়েশা আক্তার বলেন, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় পানির সমস্যার জন্য ট্রমা সেন্টারে বহির্বিভাগে ও জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৬০ জন রোগীকে সেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বিদ্যুতের অভাবে পানি না থাকায় ট্রমা সেন্টারে দীর্ঘদিন ধোয়ামোছা করতে না পারায় ময়লা-আবর্জনায় দুর্গন্ধে থাকা যাচ্ছে না। শৌচাগারের অবস্থা আরও করুণ। ট্রমা সেন্টারের আবাসিক ভবনে থেকে যাঁরা রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছেন, তাঁদের খাওয়ার, শৌচাগার, গোসল, ধোয়ামোছার জন্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে খাবার রাখা, মুঠোফোন চার্জ করা, গরমে ফ্যান চালানো ইত্যাদি নানা সমস্যায় পড়তে হচ্ছে। আবাসিক চিকিৎসক মামুনুর রশিদ বলেন, সংযোগটি বিচ্ছিন্ন থাকায় আবাসিক চিকিৎসক-কর্মচারীদের স্বাভাবিক জীবনযাপনে খুবই সমস্যা হচ্ছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী শামীম হোসেন বলেন, বরাদ্দ পেলে বিল পরিশোধ করা হবে।