বিদ্যুৎ বিপর্যয়ের কারণ স্পষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নভেম্বর, শনিবার জাতীয় বিদ্যুৎ গ্রিডে স্মরণকালের সবচেয়ে বড় যে বিপর্যয় ঘটে গেল, তার কারণ, ঘটনার স্থান প্রভৃতি কোনো কিছুই স্পষ্ট হয়নি তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউসের নেতৃত্বাধীন আট সদস্যের ওই তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে ওই প্রতিবেদন উপস্থাপন করে। সন্ধ্যায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন।
প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মধ্যে জাতীয় বিদ্যুৎ গ্রিডে ‘সিস্টেম ফ্রিকোয়েন্সি’ কমে গিয়ে (লো ফ্রিকোয়েন্সি ডিস্টার্বেন্স) ওই বিপর্যয় ঘটে। তবে গ্রিডের কোথায়, কী কারণে এ সমস্যা হলো, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তা খুঁজে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই তথ্য দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখনো তদন্তের মধ্যে অছি। তদন্ত একটি চলমান প্রক্রিয়া।’
প্রতিবেদনের ভিত্তিতে প্রতিমন্ত্রী বলেন, ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ আনা-নেওয়ার জন্য স্থাপিত উচ্চক্ষমতার গ্রিড উপকেন্দ্র (এইচভিডিসি) সেদিনের ঘটনার জন্য দায়ী নয়। সেখানে কোনো ত্রুটি পাওয়া যায়নি। তাহলে ঘটনার সূত্রপাত কোত্থেকে হলো—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা স্পষ্ট করতে তদন্ত কমিটির আরও সময় লাগবে। কমিটি আরও ১০ কার্যদিবস সময় চেয়েছে, তা দেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু সবারই সন্দেহ ছিল যে ঘটনার সূত্রপাত ভেড়ামারায়, সে জন্য তদন্ত কমিটি প্রথমেই সেখানে গিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছে। তারা সেখানে কোনো ত্রুটি পায়নি। এখন সংশ্লিষ্ট আরও অনেক বিদ্যুৎকেন্দ্র, গ্রিড উপকেন্দ্র প্রভৃতি স্থান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ হলে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। সেখানে ঘটনার পূর্বাপর বিস্তারিত পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তদন্ত কমিটির প্রধান আহমেদ কায়কাউস বলেন, অস্পষ্টতার কিছু নেই। সন্দেহ বা ধারণার ভিত্তিতে ভেড়ামারা থেকে তদন্ত শুরু করা হয়। এরপর আশুগঞ্জে তদন্ত করা হয়। আরও অনেকগুলো জায়গা, প্রতিষ্ঠান ও লোককে তদন্তের আওতায় আনা হবে।
সংশ্লিষ্ট অন্যান্য সূত্র বলছে, সমস্যা জাতীয় গ্রিডের যেখানেই হোক, প্রথম বন্ধ হয়েছে ভেড়ামারার এইচভিডিসি। সেটি বন্ধ হওয়ায় ভারত থেকে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। ফলে গ্রিডে ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ কমে গিয়ে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
কিংবা এমনও হতে পারে যে গ্রিড বিপর্যয়ের সময় জাতীয় গ্রিডে চাহিদা অনুযায়ী যে পরিমাণ বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা, তার চেয়ে বেশি হচ্ছিল। কখনো কখনো এ রকম হতে পারে। তবে তা সামাল দেওয়ার ব্যবস্থাও সিস্টেমে আছে, যা হয়তো সেদিন কাজ করেনি। ফলে সঞ্চালন লাইনে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ চলে আসায় সব বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরের গতি কমে আসে এবং একটার পর একটা বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বিদ্যুতের কারিগরি পরিভাষায় এই অবস্থাকে বলা হয় ‘ক্যাসকেডিং ইফেক্ট’। এ রকম হলে বিদ্যুতের চাহিদা ও জাতীয় গ্রিডে সরবরাহের মধ্যকার ছন্দ ভেঙে পড়ে। তখন বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে উৎপাদন কমিয়ে পরিস্থিতি সামাল দিতে হয় জাতীয় লোড ডেসপাচ সেন্টারে কর্মরতদের। হয়তো সেদিন তা করার আগেই বিপর্যয় ঘটে গিয়েছিল।